বেলুন বিক্রেতাসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার শহরের ফ্ল্যাট রোডের সুরমা বোর্ডিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের গোবিন্দপুর গ্রামের আবদুল মালেক (৪০), নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ গ্রামের রঞ্জিত দাস (৪৫) ও হাতিয়ার আনাজুল হক (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়েক দিন আগে নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বেলুন বিক্রি করতে আসেন চাঁদপুরের আবদুল মালেক। নোয়াখালী শহরে আসার পর তিনি টাউন হল মোড় এলাকার ফ্ল্যাট রোডের সুরমা বোর্ডিংয়ে ওঠেন। গতকাল দুপুর ১২টার দিকে আবদুল মালেক বোর্ডিংয়ে তাঁর কক্ষের সামনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফুলাচ্ছিলেন। একপর্যায়ে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মালেকের ডান পা ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা রঞ্জিত ও আনাজুলও গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আহত ব্যক্তিদের সবার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। তাঁদের মধ্যে আবদুল মালেক ও রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।