বেলুনজাতীয় একটা কিছু শব্দ করে পড়ল হলুদের খেতে
‘এই বাক্সটি ও সকল যন্ত্রপাতিসমূহ ভারতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্র কলিকাতার সম্পত্তি’ লেখা যন্ত্রাংশভর্তি একটি ককশিটের বাক্স, বেলুন ও প্যারাসুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের একটি হলুদখেত থেকে এসব উদ্ধার করা হয়।পুরাতন বাস্তপুর গ্রামের খাদেম মালিতা জানান, বেলা দুইটার দিকে সাদা রঙের বেলুনজাতীয় কিছু একটা বিকট শব্দ করে তাঁর হলুদখেতে পড়ে। তিনি সেখানে গিয়ে প্লাস্টিক ও কাপড়ের দুটি অংশ, প্যারাসুট এবং যন্ত্রাংশভর্তি ককশিটের একটি বাক্স ও ট্রে পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। ওই বাক্সের ভেতর থেকে ঘড়ির কাঁটা চলার মতো টিক টিক শব্দ শুনতে পেয়ে বিষয়টি দামুড়হুদা থানায় জানানো হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ছিঁড়ে যাওয়া বেলুন, প্যারাসুট, ট্রে-সহ একটি যন্ত্রাংশভর্তি ভারতীয় পতাকা লাগানো ককশিটের বাক্স উদ্ধার করে। এগুলো পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, ককশিটের বাক্সের গায়ে, ‘এই বাক্সটি ও সকল যন্ত্রপাতিসমূহ ভারতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্র কলিকাতার সম্পত্তি, বাক্সটি খুঁজে পেলে ফোন নম্বরগুলিতে যোগাযোগ করুন বা নিকটবর্তী থানায় জমা দিন’—লেখা রয়েছে। বাক্সে পাঁচজনের নাম ও ফোন নম্বর উল্লেখ রয়েছে। চুয়াডাঙার পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান, স্যাটেলাইটের মাধ্যমে বস্তুটির অবস্থান জানতে পেরে কলকাতা মহাকাশ বিজ্ঞান কেন্দ্র থেকে একজন বিজ্ঞানী যোগাযোগ করে এসব বস্তু ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন, এটা কোনোভাবেই বিপজ্জনক নয়।