বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল রোববার বেলুনে ভরার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে বেলুনে গ্যাস ভরার টিনশেড কারখানাটি বিধ্বস্ত হয়েছে।
হতাহত চারজনই ওই কারখানার শ্রমিক। নিহত দুজন হলেন জুনু (২০) ও সাইপুল (১৮)। আহতরা হলো ওলিউল্লাহ (১৬) ও একরাম হোসেন (১৪)। পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, আহত ওলিউল্লাহর বাবা মো. আনিস কথিত ওই কারখানার মালিক। ঘটনার পর থেকে আনিস পলাতক।
যাত্রাবাড়ী থানাধীন শেখদী বটতলায় টিনশেড ঘরে চলছিল ওই কারখানা।
পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেখদী বটতলা এলাকায় একটি টিনশেড মেসের ঘরে ওই কারখানা খোলা হয়েছিল। গ্যাসের সিলিন্ডার থেকে বিভিন্ন আকৃতির বেলুনে গ্যাস ভরা হতো। পরে তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় ফেরি করে সেই বেলুনগুলো বেচতেন। বেলুনে গ্যাস ভরার সময় গতকাল বেলা সোয়া ১১টার দিকে সিলিন্ডারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবদুল আউয়াল ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি প্রথম আলোকে ঘটনাস্থলের বর্ণনা দিয়ে বলেন, বিস্ফোরণে টিনশেড ঘরটি বিধ্বস্ত হয়ে গেছে। ইটের দেয়াল ধসে পড়েছে। ঘটনাস্থলের আধা কিলোমিটার দূর থেকে নিহত ব্যক্তিদের দেহের ছিন্নভিন্ন অংশ কুড়িয়ে আনতে হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় নিহত জুনু ও সাইপুল বেলুনে গ্যাস ভরছিলেন। আর ওলিউল্লাহ ও একরাম অদূরে ছিলেন।
পুলিশ বলেছে, বটতলার ওই বাড়িটি মূলত একটি মেস। নিম্ন আয়ের কর্মজীবী লোকজন এখানে থাকেন। বিস্ফোরণে হতাহত ব্যক্তিরাও একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। বসতঘরের মধ্যেই সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার কাজ চললেও কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা সেখানে ছিল না। হতাহত ব্যক্তিদের সবার বাড়িই সুনামগঞ্জে। তবে সন্ধ্যা পর্যন্ত আহত দুজন কোন হাসপাতালে ভর্তি হয়েছে, তা জানতে পারেনি পুলিশ।