বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
রাজশাহী ক্যাডেট কলেজে আজ শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন রাজশাহী ক্যাডেট কলেজের কর্মচারী ওয়াহিদুজ্জামান (৪০) ও মঞ্জুর রহমান (৩০), গ্যাস বেলুন ব্যবসায়ী ফয়সাল (২০) ও রবিউল ইসলাম (৪০)।
রাজশাহী ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর মোবাশশির হায়দার বলেন, ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানার ওড়ানোর জন্য দুজন বেলুন ব্যবসায়ী সকাল থেকে বেলুন ফুলানোর কাজ করছিলেন। কলেজের দুইজন কর্মচারী তাঁদের পাশেই দাঁড়িয়েছিলেন। বেলুন ফুলানোর কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এই অবস্থায় সকাল সোয়া আটটার দিকে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সিলিন্ডারের কাছে থাকা চার ব্যক্তিই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর উদ্বোধন ছাড়াই খেলাধুলা শুরু করা হয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটের সিস্টার আবিদা সুলতানা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে মঞ্জুর এবং ওয়াহিদুজ্জামানের অবস্থা গুরুতর।