পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। এগুলোর মধ্যে ১৫টি হাট ইজারার দরপত্রের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। বাকি চারটির দরপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার।
কয়েকটি বাদে অন্য হাটগুলোর কোনোটির জন্য তিনটি, কোনোটির জন্য দুটি দরপত্র জমা পড়েছে। বেশ কয়েকটির সর্বোচ্চ দরদাতা সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। তাই ইজারাও তাঁরা পাচ্ছেন বলে জানিয়েছে সিটি করপোরেশন সূত্র।
এদিকে প্রথম দফায় দর কম হওয়ায় নয়টি হাটের জন্য দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করতে হয়েছে। দরপত্র কম পড়া এবং দর কম হওয়ার জন্য সংশ্লিষ্ট সূত্রগুলো দায়ী করেছেন ‘সিন্ডিকেট’কে।
১৯টি হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন নয়টি এবং ১০টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন। অস্থায়ী হাট ইজারা দিতে গত আগস্ট মাসের শুরুতে দরপত্র আহ্বান করা হয়। উত্তরের দরপত্র খোলার দিন ছিল ২৭ আগস্ট ও দক্ষিণের ২২ আগস্ট।
উত্তরের নয়টি হাটের জন্য ৭৫টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে ২৬টি। দর কাঙ্ক্ষিত না হওয়ায় পাঁচটির জন্য দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করে গত সোমবার দরপত্রগুলো খোলা হয়। এগুলোর মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের হাটের জন্য দরপত্র পড়ে তিনটি। সর্বোচ্চ দরদাতা (১৮ লাখ ৩০ হাজার টাকা) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে মহানগর উত্তরের সহসভাপতি জাহান এম রহমান। দ্বিতীয় সর্বোচ্চ দর পাঁচ লাখ টাকা।
বারিধারার জে ব্লকের বাইপাস সড়কের খালি জায়গায় হাটের জন্যও তিনটি দরপত্র পড়ে। সর্বোচ্চ ২৯ লাখ ৫০ হাজার টাকা দর উল্লেখ করেন গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদ আহমদ। তিনি বলেন, তিনি সিটি করপোরেশনের ঠিকাদার। নিয়মানুযায়ী সব করেছেন।
বনানী রেলস্টেশন-সংলগ্ন খালি জায়গার হাটের জন্য দরপত্র জমা পড়ে দুটি। সর্বোচ্চ ৪০ লাখ টাকা দর উল্লেখ করেন মো. আসলাম। মিরপুর ৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় হাটের জন্য সর্বোচ্চ (১৬ লাখ ৫৩ হাজার ৭৮৬ টাকা) দরদাতা পল্লবীর আলোকদী এলাকার খোকন মৃধা। এই হাটেরও তিনটি দরপত্র পড়ে। উত্তরার সোনারগাঁও জনপথের হাটের দরপত্র পড়ে দুটি। সর্বোচ্চ ৪১ লাখ ১১ হাজার টাকা দর দেন মামুন সিরাজুর রহমান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এখন দরপত্র কমিটি সংশ্লিষ্ট সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
প্রথম দফায় দরপত্রের প্রাথমিক প্রক্রিয়া শেষ হওয়া উত্তরের অপর চারটি হাটের মধ্যে আগারগাঁও বস্তি এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান। পাশের তালতলা হাটের সর্বোচ্চ দরদাতা ফয়সাল আহমদ বিএনপির সঙ্গে যুক্ত। উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের হাটের সর্বোচ্চ দরদাতা উত্তরা থানা যুবলীগের সাবেক আহ্বায়ক মাহবুব রহমান এবং খিলক্ষেত বনরূপা হাটের সর্বোচ্চ দরদাতা সালাম অ্যান্ড সন্সের রফিকুল ইসলাম।
দক্ষিণ সিটি: দক্ষিণে প্রথম দফায় ছয়টি হাটের দরপত্রের প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়। এগুলোর মধ্যে জিগাতলা হাজারীবাগ মাঠের সর্বোচ্চ দরদাতা হন স্থানীয় আওয়ামী লীগের প্রয়াত এক নেতার ছেলে জাহিদুল ইসলাম। এ হাটের দরপত্র জমা পড়ে সাতটি। রহমতগঞ্জ খেলার মাঠের সর্বোচ্চ দরদাতা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির পক্ষে সাধারণ সম্পাদক আবু মোতালেব।
গোলাপবাগ হাটের জন্য ১৫টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে ছয়টি। সর্বোচ্চ দরদাতা জমির আলী। ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠের সর্বোচ্চ দরদাতা ইস্ট অ্যান্ড ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন বালুর মাঠের সর্বোচ্চ দরদাতা সহিদ উদ্দিন আহমেদ। পোস্তগোলা হাটের দরপত্র জমা পড়ে তিনটি। সর্বোচ্চ দরদাতা হাজি রুবেল।
বাকি চারটির দ্বিতীয় দফার দরপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রথম দফায় এগুলোর জন্য জমা পড়েছিল ১৩টি দরপত্র। এই চারটি হাট হলো আরমানিটোলা খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া, সাদেক হোসেন খোকা মাঠ এবং খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন হাট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সিন্ডিকেটের কারণেই দরপত্র কম জমা পড়ে এবং দামও কম উঠছে।’
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মেদ বলেন, দ্বিতীয় দফায়ও কাঙ্ক্ষিত দর না পেলে প্রয়োজনে আবার দরপত্র আহ্বান করা হবে।