দ্বিতীয় দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে ব্যাপক সহিংসতা, ভোটারদের ভয়ভীতি ও জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়েছে।
২৯টি সুশীল সমাজ ও সংস্থার সমন্বয়ে গঠিত জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পর্যবেক্ষণ প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন সংস্থাটির পরিচালক মো. আবদুল আলীম।
এ সময় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচন পরিস্থিতির অধোগতি হয়েছে বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইডব্লিউজি ১১৫টি উপজেলার মধ্যে ৪১টিতে এক হাজার ২৪৫ জন পর্যবেক্ষক নিয়োগ করে। পর্যবেক্ষণকৃত ভোটকেন্দ্রগুলোতে ভোট দেওয়ার গড় হার ৬৩ দশমিক ১ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ১৯টি উপজেলার পর্যবেক্ষণ করা কেন্দ্রে ১৩১টিতে সহিংসতার ঘটনা ঘটে। ১৮টি উপজেলায় ভোটারদের ভয় দেখানোর ঘটনা ঘটে ১৪১টি। এ ছাড়া আইনবহির্ভূতভাবে ৯০টি নির্বাচনী প্রচারণার তথ্য তুলে ধরা হয়। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
ভোট গণনার সময়কাল শান্ত ছিল ও কর্মকর্তারা পেশাদারির সঙ্গে ভোট গণনা সম্পন্ন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ৮ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রে প্রার্থীর এজেন্টরা গণনা প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ বা আপত্তি করেন। গণনার পর প্রিসাইডিং কর্মকর্তারা ৮৯ দশমিক ৮ শতাংশ কেন্দ্রে নিয়ম অনুযায়ী ফল টানিয়ে দেন। আর ভোট গ্রহণ কার্যক্রম শুরু করার সময় ৯৮ দশমিক ৭ শতাংশ ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি ভালো ছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য নুরুন নবী।