বেশি অর্থ আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ডিগ্রি কলেজের শিক্ষক মো. বুলবুল হোসেন একজন পরীক্ষার্থীকে মারধর করেছেন। এ ঘটনায় পরীক্ষার্থীরা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে। কলেজ বন্ধ থাকায় ৪০ জন পরীক্ষার্থীর ফরম পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাটলা ডিগ্রি কলেজে গতকাল মঙ্গলবার সকালে গেলে মূল ফটকে তালা ঝোলানো দেখা যায়। প্রতিবাদকারী পরীক্ষার্থীদের ফটকের সামনে বসে থাকতে দেখা গেছে। বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. আকতারুল ইসলাম জানায়, সোমবার সে নিজেসহ বাণিজ্য বিভাগের কয়েকজন ফরম পূরণ করতে কলেজে আসে। ফরম পূরণের দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বুলবুল হোসেন। তিনি ফরম পূরণ বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ছয় হাজার টাকা দাবি করেন। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় দুই বিষয়ে ফেল করার কারণে তাঁদের কাছ থেকে ওই পরিমাণ টাকা দাবি করা হচ্ছে মর্মে তিনি পরীক্ষার্থীদের জানিয়ে দেন।শিক্ষার্থীরা জানায়, তারা সরকারি বিজ্ঞপ্তি ও কলেজ পরিচালনা পরিষদের লিখিত সিদ্ধান্ত দেখতে চাইলে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে আকতারুলকে কিলঘুষি মারেন। এর প্রতিবাদে তারা কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হাসমত আলী, আরমান হোসেনসহ কয়েকজন জানায়, আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ফরম পূরণের শেষ দিন। কিন্তু অতিরিক্ত টাকা দাবি করার কারণে ৪০ জন পরীক্ষার্থীর ফরম পূরণ বা এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।বুলবুল হোসেন বলেন, নির্বাচনী পরীক্ষায় যেসব শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করেছে, তাদের ফরম পূরণ করতে না দেওয়ার কারণে ওই সব শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। একজন শিক্ষার্থীকে মারধর করার কথা স্বীকার করে তিনি বলেন, শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও কলেজের আসবাবপত্র ভাঙচুর করায় তিনি কয়েকটি চড়থাপড় মেরেছেন।কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. শামসুল আলম জানান, অতিরিক্ত অর্থ আদায় করার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। দিনাজপুর শহরের আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান বলেন, প্রতি বিষয়ের জন্য ৭০ টাকা, নম্বরপত্র ৫০/-, সনদপত্র ১০০/-, রোভার/গার্লস গাইড ১৫/-, জাতীয় শিশু সপ্তাহ ৫/-, রেড ক্রিসেন্ট ১৫/-, কেন্দ্র ফি ২২০/ ও কলেজ ফি ১৫০ টাকা হিসেবে ফরম পূরণ করতে একজন শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার ৪০০ টাকা হারে আদায় করা হয়েছে।বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নকিবুল হাসান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।