বেশি করে বই পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। গতকাল মেলা উদ্বোধনের পরপরই বিভিন্ন স্টল ঘুরে নতুন বই উল্টেপাল্টে দেখেন বইপ্রেমীরা l ছবি: ফোকাস বাংলা
শুরু হয়ে গেছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। গতকাল মেলা উদ্বোধনের পরপরই বিভিন্ন স্টল ঘুরে নতুন বই উল্টেপাল্টে দেখেন বইপ্রেমীরা l ছবি: ফোকাস বাংলা

বিদায়ী শীতের মিষ্টি রোদে গতকাল বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী বাঙালির অনন্য এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই মঞ্চে তিনি চার দিনের ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ উদ্বোধন করেন এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মঞ্চে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতনামা সাহিত্যিকেরাও ছিলেন।
মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে জানতে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘একমাত্র সাহিত্যচর্চার মধ্য দিয়েই তারা ভুল পথে যাওয়া থেকে বিরত থাকবে। লেখাপড়া, সংস্কৃতিচর্চা যত বেশি হবে, ততই তারা ভালো পথে আসবে বলে আমি বিশ্বাস করি।’
জাতির পিতার অবদান বলে শেষ করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে আমাদের একুশের এই গ্রন্থমেলার ব্যাপ্তি আর আমাদের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা আন্তর্জাতিকভাবেও আজ স্বীকৃত।’
প্রধানমন্ত্রী এ সময় সাহিত্য সম্মেলন ও বইমেলায় বিদেশিদের অংশগ্রহণ এবং তাঁদের বাংলায় বক্তৃতা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কী চমৎকার বাংলায় তাঁরা আমাদের বক্তৃতা শোনালেন, বিভিন্ন কবিতাও তাঁরা অনুবাদ করেছেন। কাজেই এই অনুবাদের মধ্য দিয়েই আমরা একে অপরকে জানতে পারছি। ভাষার আদান-প্রদান, সংস্কৃতির আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ, সাহিত্যের মধ্য দিয়েই একটা সমাজের অবস্থা আমাদের সামনে উঠে আসে।’
যারা বইপ্রেমিক তারা সবাই এই বইমেলার জন্য অপেক্ষা করে থাকে উল্লেখ করে তিনি বলেন, এই বইমেলা যাঁরা সাহিত্যচর্চা করেন, যাঁরা প্রকাশক এবং যাঁরা বই পড়তে পছন্দ করেন, সেই ছোট্ট শিশু থেকে সব বয়সীদের একটি মিলনমেলায় পরিণত হয়।
নিজের বইমেলায় আসার স্মৃতি রোমন্থন করে শেখ হাসিনা বলেন, ‘আমার খালি একটাই দুঃখ, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে এখন আর আগের মতন এই বইমেলায় আসতে পারি না। এটাই সবচেয়ে দুঃখের, হাত-পা বাঁধা কী করব? সবাই যখন আসেন দেখি, তখন এখানেই মনটা পড়ে থাকে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত দুটি গ্রন্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া আগামী প্রকাশনী প্রকাশিত শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ উদ্বোধন-মঞ্চে উপস্থাপিত হয়।
কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধে মোরশেদ শফিউল হাসান, কবিতায় আবু হাসান শাহরিয়ার, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথাবিষয়ক রচনার জন্য নূরজাহান বোস, শিশুসাহিত্যে রাশেদ রউফ এবং অনুবাদে নিয়াজ জামান ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ পেয়েছেন। অনুষ্ঠানে নিয়াজ জামান উপস্থিত ছিলেন না।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উদ্বোধনী মঞ্চে অন্যান্যের মধ্যে ছিলেন চীনের প্রখ্যাত গবেষক ও রবীন্দ্র অনুবাদক ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর মিঁজ লুস মারিয়া লোপেজ, জার্মানির লেখক ও প্রকাশক টবিয়াস বুর্কহাডর এবং ভারতের অধ্যাপক চিন্ময় গুহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিসচিব বেগম আক্তারী মমতাজ। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান নূর অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে একুশের দেশজ চেতনার সঙ্গে আন্তর্জাতিক মননবিশ্বের যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে ইউ চেন চীনা ভাষায় ৩৩ খণ্ডে রবীন্দ্ররচনাবলী সম্পাদনার কথা জানিয়ে বলেন, ‘রবীন্দ্রনাথের সূত্রে চিনেছি বাংলার মানুষ ও প্রকৃতিকে।’
অস্ট্রিয়ার কবি মেনফ্রেড কোবো স্মৃতিচারণা করে বলেন, ‘জর্জ হ্যারিসনের কনসার্ট শোনার মধ্য দিয়ে সুদূর অতীতে যে বাংলাদেশকে চেনা শুরু হয়, তা আজ একুশের অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে পূর্ণতা পেল আমার জীবনে।’
জার্মানির লেখক টবিয়াস বুর্কহাডর অনুবাদ ও সংলাপের মধ্য দিয়ে পৃথিবীর জাতিতে জাতিতে বন্ধুত্ব সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন। ভারতের গবেষক চিন্ময় গুহ বলেন, বই শুধু আনন্দের জন্য নয়, বাঁচার জন্যও পড়তে হবে।
প্রকাশক মফিদুল হক গ্রন্থমনস্ক জাতি গঠন করতে প্রকাশনার ক্ষেত্রে সরকারি প্রণোদনার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন।
শিল্পী লিলি ইসলামের নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ঐতিহাসিক ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রামেন্দু মজুমদার এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন।
উদ্বোধনী আয়োজনটি ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। প্রধানমন্ত্রীর গাড়ির বহর মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার পর সবার জন্য খুলে দেওয়া হয় মেলার দরজা। মুহূর্তে প্রাণচাঞ্চল্যে উদ্দীপ্ত সেই চিরচেনা পরিবেশ তৈরি হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে, রাস্তার ওপাশে সোহরাওয়ার্দী উদ্যানে। টিএসসি থেকে দোয়েল চত্বর অবধি ছড়িয়ে পড়েছে তার স্পন্দন।