বেশি করে বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা ‘হিমালয়ান এক্সপো-১০’। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ থেকে বেশি করে পণ্য আমদানির জন্য ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।পৌরমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের রয়েছে দীর্ঘকালের বন্ধুত্ব। এই উত্তরবঙ্গে রয়েছে বাংলাদেশি পণ্যের বিরাট বাজার। এই বাজারকে আরও সম্প্রসারিত করতে হবে।’ তিনি ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে এখন শিল্প গড়ার অনুকূল পরিবেশ বিরাজ করছে।এদিকে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে নিযুক্ত বাণিজ্যসচিব মো. ওমর ফারুক গতকাল জানান, মেলার উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্টলে ভিড় জমে যায়। স্থানীয় লোকজন আগ্রহভরে বাংলাদেশি পণ্য দেখে।মেলা শেষ হবে ১৯ ডিসেম্বর। এবারের এই মেলার পার্টনার কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ১৪টি শিল্পপ্রতিষ্ঠান।