
সরকার-সমর্থিত মেয়রের পক্ষে বেশি কাজ করা সম্ভব বলে আবারও মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমরা মানি আর না-মানি সরকার-সমর্থিত মেয়র হিসেবে আমি অন্যদের চেয়ে বেশি কাজ করতে পারব।’
গতকাল সকালে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আনিসুল হক দিনের কর্মসূচি শুরু করেন। ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত ওই সভা অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে। এই সভায় উপস্থিত আলেমরা মেয়র নির্বাচনে আনিসুল হককে সমর্থন জানান।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফা হামলার ঘটনা ভোটের মাঠে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘শুরু থেকেই এ ঘটনার আমি নিন্দা জানিয়েছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।’
সেনা মোতায়েন নিয়ে অন্য আরেক প্রশ্নে তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে যা করা দরকার তাই করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
এরপর তিনি উত্তরায় বিভিন্ন সড়কে লিফলেট বিলি করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে এক পথসভায় বক্তব্য দেন। এ সময় প্রতিটি স্থানে শত শত মানুষ আনিসুল হকের সঙ্গে যোগ দেন। উত্তরার কর্মসূচি শেষে তিনি মিরপুরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন।
বিকেলে, মহাখালী টিঅ্যান্ডটি স্কুল মাঠে জনপ্রিয় সংগীতশিল্পীরা আনিসুল হকের সমর্থনে ‘ভোট ফর সমাধানযাত্রা, ভোট ফর আনিসুল হক’ নামক একটি কনসার্টের আয়োজন করেন। এই কনসার্টে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, পারভেজ, কিশোর, জয়, নিশীতা প্রমুখ। এ সময় মমতাজ গানের সুরে সুরে আনিসুল হকের টেবিল ঘড়ি মার্কা ও ২০ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজি আসলামুল হকের সমর্থনে মিষ্টি কুমড়া মার্কায় ভোট চান।
কনসার্ট চলাকালে সেখানে সপরিবারে হাজির হন আনিসুল হক। মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের সমস্যা সমাধান করব।’ কনসার্ট থেকে তিনি সরাসরি রায়ের বাজার মুক্তি সিনেমা হলের সামনে গণসংযোগ করেন। এরপর মোহাম্মদপুর থানার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন।