কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে উদ্দেশ করে বলেছেন, ‘বেশি খেলা ভালো নয়, বেশি খেললে ডুবে যেতে হবে। মহাজোট ও মহাচোরের সঙ্গে থাকায় আমি তাঁকে দাওয়াত দেইনি।’
গত শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সভায় সভাপতির ভাষণে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
জনসভায় আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমান সরকার পাঁচ বছরে ১২ বার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।
সমাবেশে এইচ এম এরশাদ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁরা আসেননি।
জনসভায় কাজী জাফর আহমদের উপস্থিতি নিয়ে জাতীয় পার্টির স্থানীয় নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ওই তালা ভেঙে অপর পক্ষ আরেকটি তালা ঝুলিয়ে দেয়। আবার আবদুল্লাহ আল নোমানের উপস্থিত হওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।