সৌদি আরবে কর্মী পাঠানোর জন্য সরকার-নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নিলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।
বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে কর্মরত শ্রম শাখার ৪১ জন কর্মকর্তার বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ছয় বছর পর সৌদি আরব সব খাতে বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে। সৌদি আরব কর্মী যাওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সেখানে কর্মী পাঠানোর খরচ নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ১ লাখ ৯৮ হাজার টাকা খরচ নির্ধারণের প্রস্তাব দিলেও সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করেছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম গতকাল বলেন, ‘যে টাকা নির্ধারণ করা হয়েছে, সেটি যৌক্তিক। এর বেশি টাকা কেউ নিলে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে অভিযুক্ত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়ে যাবে। পুরো বিষয় পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের কমিটি কাজ করবে।’
এর আগে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের ২৮টি শ্রম শাখার কাউন্সেলর, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কী করে আরও বেশি লোকের কর্মসংস্থান হয়, সেটি যেমন খেয়াল রাখবেন, তেমনি প্রবাসীদের কল্যাণের বিষয়টিও নজর রাখতে হবে। তাঁদের কর্মস্থল, থাকার জায়গা নিয়মিত পরিদর্শন করতে হবে। হুন্ডির বদলে বৈধভাবে যেন আরও বেশি লোক টাকা পাঠাতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।’
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার বলেন, ‘মেধা, বিবেচনা ও হৃদয় দিয়ে আপনারা কাজ করবেন। সাধারণ মানুষের কষ্ট অনুধাবনের চেষ্টা করবেন।’
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা বলেন, ‘আপনারা যাঁরা দূতাবাসের শ্রম শাখায় কাজ করেন, তাঁরা মানবকল্যাণের বিশাল এক সুযোগ পেলেন। এই সুযোগকে আপনারা কাজে লাগান। তাঁদের পাশে দাঁড়ান।’
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচিতে আপনাদের কথাও শুনতে চাই। পরস্পর অভিজ্ঞতা বিনিময় করে সমস্যার সমাধান করতে চাই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক। তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ২৪টি দেশের বাংলাদেশ দূতাবাসের ২৮টি শ্রম শাখার ৪১ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।