বেশি ড্রাফটের জাহাজ ভেড়ানোর চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে বেশি ড্রাফটের একটি জাহাজ ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হয়ে গেছে।সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, জেটিতে জাহাজ ভেড়ানোর জন্য আজ শুক্রবার সর্বোচ্চ অনুমোদিত ড্রাফট (জাহাজের পানির অংশের গভীরতা) হচ্ছে ৯ দশমিক ১৪ মিটার। অর্থাৎ এই নির্ধারিত গভীরতার বেশি জাহাজ জেটিতে ভেড়ানো যাবে না। অথচ এমভি থারিন নারি নামে ১০ দশমিক ৪৫ মিটার ড্রাফটের একটি জাহাজ আজ শুক্রবার বহির্নোঙর থেকে বন্দর জেটিতে ভেড়ানোর সময়সূচি নির্ধারণ করেছিল ‘বার্থ বরাদ্দ কমিটি’। পরে অবশ্য জাহাজটিকে জেটিতে না ভেড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি, বন্দরের অনুমোদিত ড্রাফটের চেয়ে এই জাহাজের ড্রাফট বেশি। তাই জাহাজটি আপাতত জেটিতে না ভেড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’বন্দর সূত্র জানায়, ২২ হাজার ৫৪৭ টন গমবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙরে আসে গত বৃহস্পতিবার। বন্দরের নৌ বিভাগ থেকে প্রকাশিত জাহাজের তালিকায় দেখা যায়, জাহাজটির ড্রাফট ১০ দশমিক ৪৫ মিটার। এই ড্রাফট থেকে কমিয়ে বন্দরের নির্ধারিত ৯ দশমিক ১৪ মিটার গভীরতায় আনতে হলে অন্তত চার হাজার টন গম বহির্নোঙরে খালাস করতে হবে। এই গম খালাস না করেই জাহাজটি জেটিতে ভেড়ানোর চেষ্টা করা হয়েছিল।প্রসঙ্গত, নির্ধারিত পরিমাপের চেয়ে বেশি গভীরতার জাহাজ জেটিতে ভেড়ানো হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।