বেশি দরে ঠিকাদার নির্বাচন
ঠিকাদারদের সমঝোতার কারণে পঞ্চগড় জেলা পরিষদের একটি দরপত্রে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি দরে ঠিকাদার নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, সমঝোতার মাধ্যমে প্রায় ৮৫ লাখ টাকার কাজ ৫ শতাংশ বেশি দরে ঠিকাদার নির্বাচন করে অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই কাজের জন্য ৫ শতাংশ বেশি দরে এখন ব্যয় হবে প্রায় ৮৯ লাখ ২৭ হাজার টাকা। এ কারণে সরকারের কমপক্ষে সোয়া চার লাখ টাকা ক্ষতি হয়েছে। জেলা পরিষদের প্রকৌশল বিভাগের সহযোগিতায় একটি দরপত্র সিন্ডিকেট এই সমঝোতায় জড়িত বলে অভিযোগ উঠেছে।জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, দেবীগঞ্জ উপজেলায় ডাকবাংলোর নতুন দোতলা ভবন নির্মাণের জন্য ২৪ জন ঠিকাদার দরপত্র কেনেন। কিন্তু মাত্র চারজন ঠিকাদার প্রাক্কলিত দরের চেয়ে ৫ শতাংশ বেশি দরে দরপত্র দাখিল করেন। লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইকবাল কায়সারকে ঠিকাদার নির্বাচন করে অনুমোদনের জন্য গত ১৪ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে কার্যাদেশ দেওয়া হবে। জেলা পরিষদের কেউ এসবের সঙ্গে জড়িত নন। দরপত্র কেনার পর জমা না দেওয়ার কারণ ঠিকাদারেরাই ভালো বলতে পারবেন।ব্যবসায়িক ক্ষতি হতে পারে, এ জন্য নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের কয়েকজন ঠিকাদার জানান, নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। এর পরও প্রতিযোগিতামূলকভাবে কাজটি দেওয়া হলে অন্তত সমদরে ঠিকাদারের অংশ নিতেন। যে ঠিকাদারকে এই কাজ দেওয়া হয়েছে, তিনি এসব কাজের বিপরীতে বেশি দরের ৫ শতাংশ টাকা দিয়ে কিনে নিয়েছেন অন্য ঠিকাদারদের কাছ থেকে। এ টাকার একটি অংশ এ কাজে জড়িত কর্মকর্তাদের পকেটে গেছে। বাকি টাকা দরপত্র কেনা ২৩ জন ঠিকাদার ও টেন্ডার সিন্ডিকেটের নেতারা ভাগাভাগি করে নিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার জানান।ঠিকাদার ইকবাল কায়সার দাবি করেন, কোনো সমঝোতা করে তিনি কাজ নেননি। লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত হয়েছেন। ঠিকাদারেরা ২৪টি দরপত্র কেনার পর সেগুলো দাখিল করেননি কেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।