বেশি দাম দিয়েও চামড়া পাননি অনেক ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে এবার দেশের বিভিন্ন অঞ্চলে নানা রকমের চিত্র পাওয়া গেছে। খুলনায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনতে বাধ্য হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তার পরও লক্ষ্য অনুযায়ী চামড়া কিনতে পারেননি অনেকে। সিরাজগঞ্জে বেশি দাম দিয়ে চামড়া কিনে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ী। বগুড়ায় চামড়া কেনার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট কাজ করেনি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।এদিকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া পাচার হয়ে আসায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার ও টেকনাফ: কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসছে মিয়ানমারের বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া। ঈদের দিন রাত থেকে টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ৪৩টি পয়েন্ট দিয়ে এ পর্যন্ত ২০ হাজারের বেশি চামড়া পাচার হয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বাজারদর হারিয়ে পড়েছেন বিপাকে।টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন বলেন, সীমান্তের বিভিন্ন চোরাই পয়েন্ট দিয়ে বিডিআরের চোখকে ফাঁকি দিয়ে মিয়ানমারের কোরবানির পশুর চামড়া পাচার হচ্ছে। পাচারের সময় জওয়ানদের হাতে কিছু চামড়া ধরাও পড়ছে। বিডিআরের এক কর্মকর্তা জানান, মিয়ানমারের আরাকান অঞ্চলে প্রায় দেড় লাখ পশু জবাই করা হয়। কিন্তু সেখানে পশুর চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে এসব চামড়া বাংলাদেশে পাচার করা হচ্ছে। আবার বাংলাদেশি কিছু ব্যবসায়ী চামড়া কেনার জন্য সেখানে অগ্রিম টাকা দিয়ে রাখেন। জানা গেছে, স্থানীয় কোরবানির চামড়া এবার সর্বোচ্চ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হলেও মিয়ানমারের চামড়া কেনা হচ্ছে ৩০০ টাকারও কমে। খুলনা: খুলনা মহানগরী কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আমানুল্লাহ জানান, ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনতে চাননি। কিন্তু সীমান্ত এলাকার ব্যবসায়ীরা এজেন্টদের মাধ্যমে অধিক দামে চামড়া কেনায় ব্যবসায় টিকে থাকতে তাঁদেরও বেশি দামে চামড়া কিনতে হয়েছে। তিনি জানান, গত বছর তাঁর ঘরে দুই হাজার ৪০০ চামড়া এসেছিল, এবার এসেছে অর্ধেকেরও কম। সমিতির সভাপতি আরও বলেন, প্রকৃত ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে চামড়া কিনতে পারেন, সে জন্য নগরের ময়লাপোতা মোড় থেকে মীনা বাজার, ১ নম্বর বি কে রায় রোড থেকে শেখপাড়া বাজার পর্যন্ত তাঁদের পরিচয়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু নগরের গল্লামারী থেকে ময়লাপোতা মোড় এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা অধিক দামে চামড়া কিনেছেন। নগরের শেখপাড়া এলাকার পারভেজ লেদারের মালিক মো. পারভেজ জানান, গত বছর খুলনার ব্যবসায়ীরা প্রায় ২০ হাজার চামড়া কিনতে পেরেছিলেন। কিন্তু মৌসুমি ব্যবসায়ীদের কারণে এবার তাঁরা ১০ হাজারের মতো চামড়া সংগ্রহ করতে পেরেছেন। তাও নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়েছে। জানা গেছে, ট্যানারি মলিক সমিতি এ বছর ভালো মানের গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা, একটু খারাপ মানের চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং ছাগলের চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা নির্ধারিত এ মূল্য উপেক্ষা করে এক হাজার ৮০০ টাকা থেকে আড়াই হাজার টাকা দরে চামড়া কিনেছেন। ছাগলের চামড়াও প্রায় দ্বিগুণ দামে কিনেছেন। বগুড়া: বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় এবার সর্বনিম্ন এক হাজার ৩০০ থেকে সর্বোচ্চ তিন হাজার টাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে। ছাগলের চামড়া বিক্রি হয়েছে ২০০ থেকে ৩৫০ টাকায়। তবে প্রত্যন্ত গ্রামগুলোতে এত বেশি দামে চামড়া বিক্রি হয়নি। গ্রামে বড় চামড়া দেড় হাজার টাকায়ও বিক্রি হয়েছে। জেলা চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এইচ খান জানান, এবার কোনো সিন্ডিকেট নেই। এ কারণে চামড়ার দাম চড়া। তিনি বলেন, এবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান চামড়া কেনার উদ্যোগ নেওয়ায় ঢাকাকেন্দ্রিক যে সিন্ডিকেট বিগত দিনে চামড়ার বাজার নিয়ন্ত্রণ করত, এবার তারা সেটি করতে পারেনি। সিরাজগঞ্জ: জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এবার এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত দরে চামড়া কেনেন। কিন্তু বড় ব্যবসায়ীরা চামড়াপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কম বলায় এখন বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ী আনসার আলী বলেন, ‘এবার চামড়ার চাহিদা বেশি হবে—এই সম্ভাবনায় বেশি দামে চামড়া কিনি। কিন্তু বিক্রি করতে গিয়ে দেখি, বড় ব্যবসায়ীরা অর্ধেক দাম বলছেন।’জানতে চাইলে একজন বড় ব্যবসায়ী বলেন, ‘যারা গ্রাম থেকে চামড়া কিনেছেন তাঁরা আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করেই কিনেছেন। ঢাকার ট্যানারি কর্তৃপক্ষ যে দর বেঁধে দিয়েছে, তার চেয়ে বেশি দাম দেওয়া সম্ভব নয়। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছানুযায়ী এই কাজ করায় এখন আমাদের কিছুই করার নেই।’