বেশি দাম পেয়ে আগেভাগে আলু তুলছেন চাষিরা
বাজারে আলুর দাম বেশ চড়া। মাত্র ৪০ দিনের পরিশ্রমে দ্বিগুণের বেশি লাভ হচ্ছে। তাই আলু চাষে দাম পেয়ে কৃষকেরা এবার দারুণ খুশি। এই সুযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলুচাষিরা পরিপক্ব হওয়ার আগেই আলু তুলে বাজারে বিক্রি করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৫০০ মেট্রিক টন।
উপজেলা কৃষি কার্যালয় ও সাত-আটজন চাষি সূত্রে জানা যায়, এ উপজেলার চাষিরা সাধারণত গ্রানুলা ও পাকড়ি জাতের আলুর চাষ করে থাকেন। গ্রানুলা আলু জমিতে লাগানো থেকে পরিপক্বতা আসতে সময় লাগে ৬৫-৭০ দিন। আর পাকড়ি জাতের আলুর পরিপক্বতা আসতে সময় লাগে ৮০-৯০ দিন। কিন্তু এ বছর আলুর ভালো দাম পেয়ে কৃষকেরা ৪০-৪৫ দিনের মধ্যেই খেত থেকে গ্রানুলা ও ৫০-৫৫ দিনের মধ্যেই পাকড়ি জাতের আলু তুলে বিক্রি করছেন। আগাম তোলায় বর্তমানে এক বিঘা জমিতে গ্রানুলা ৪০-৪৫ মণ ও পাকড়ি ৩০-৩৫ মণ পাওয়া যাচ্ছে। অথচ এ আলু পরিপক্ব করে খেত থেকে তুললে দ্বিগুণ ফলন পাওয়া যেত।
তিন-চারজন চাষি বলেন, খেতে আলুবীজ রোপণের পর বৃষ্টিসহ আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের আলুর খেতে তেমন কোনো সমস্যা হয়নি। অন্য বছরের তুলনায় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ অনেক কম করতে হয়েছে। তাই আলু উৎপাদনে খরচ হয়েছে কম। অপর দিকে এবার আগাম আলুর গায়ে কোনো দাগ নেই বললেই চলে। বাজারে আলুর চাহিদার কোনো কমতি নেই। ফলে চাষিরা দেদার আলু বিক্রি করছেন। আগাম আলু তুলে অনেক কৃষক একই জমিতে বিভিন্ন সবজি চাষ শুরু করেছেন।
উপজেলার পূর্ব-জাহাঙ্গীরাবাদ গ্রামের মন্টু মিয়া (৩৫) বলেন, তিনি তাঁর এক বিঘা জমির (৩৩ শতাংশ) পুরোটাতেই গ্রানুলা জাতের আলু চাষ করেছেন। আগাম আলু তুলে ফলন পেয়েছেন ৪২ মণ। গত মঙ্গলবার এ আলু তিনি ৮০০ টাকা মণ দরে বিক্রি করে পেয়েছেন ৩৩ হাজার ৬০০ টাকা। আর আলু চাষে তাঁর সব মিলে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। মাত্র ৪০ দিনে তিনি আলু চাষ করে এক বিঘা জমি থেকে লাভ করেছেন ১৮ হাজার ৬০০ টাকা। তিনি বলেন, ‘এবার আলুর দাম প্যায়া কিষককেরে মন খুব ভালা।’
একই গ্রামের চাষি মফিদুল ইসলাম (৪৫) বলেন, বর্তমানে আলুর বাজার ভালো। পরে দাম কমে যেতে পারে। তাই তিনি আগেভাগে আলু তুলে বিক্রি করেছেন। ওই খেতে এখন তিনি কুমড়ার চাষ শুরু করেছেন।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘এবার আলু চাষের জন্য আবহাওয়া অনুকূলে ছিল। কোনো রোগবালাই নেই। ফলন হয়েছে ভালো। দামটাও বেশি। সব মিলে আলুচাষিদের মনে আনন্দ।’