বেশি দাম পেয়ে আগেভাগে আলু তুলে ফেলছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আলুর দাম বেশ চড়া। এই সুযোগে জয়পুরহাটের চাষিরা পরিপক্ব হওয়ার আগেই আলু তুলে বাজারে বিক্রি করছেন।কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে সাত লাখ মেট্রিক টন।কৃষি বিভাগ ও আলুচাষিরা জানান, জেলায় গ্যানোলা, ব্যানোলা, কার্ডিনাল, ডায়মন্ড ও গুটি জাতের লাল পাকরি আলুর চাষ হয়েছে। এসব আলু জমিতে লাগানো থেকে পরিপক্বতা আসতে সময় লাগে ৮০-৯০ দিন। কিন্তু এ বছর আলুর ভালো দাম পেয়ে কৃষকেরা ৪৫-৫০ দিনের মধ্যেই জমি থেকে আলু তুলে বিক্রি করছেন।কৃষকেরা জানান, বর্তমানে গ্যানোলা ও ব্যানোলা জাতের আলু বাজারে বিক্রি হচ্ছে সাড়ে আট শ থেকে সাড়ে নয় শ টাকা এবং গুটি লাল জাতের পাকরি আলু বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা মণ দরে। গ্যানোলা ও ব্যানোলা জাতের ৪৫-৫০ দিন বয়সী আলু বিঘাপ্রতি উৎপাদন হচ্ছে ৪০ থেকে ৫০ মণ। ওই আলু ৮০-৯০ দিন জমিতে রাখলে বিঘাপ্রতি উৎপাদন হতো ৮৫-৯৫ মণ পর্যন্ত। এভাবে চলতে থাকলে আলুর উৎপাদন বিপর্যয়ের মুখে পড়বে বলে আলু চাষিরা আশঙ্কা করছেন। তবে কৃষি বিভাগ বলছে, আগাম আলু বিক্রি হলেও এর পরিমাণ সামান্যই। এতে উৎপাদন কোনোভাবেই ব্যাহত হবে না।ক্ষেতলাল উপজেলার আমিরা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে গ্যানোলা জাতের হল্যান্ড আলু লাগিয়েছিলেন। বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ মণ ফলন হওয়ায় আগাম এক হাজার থেকে এক হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন। এতে তাঁর ভালোই লাভ হয়েছে। ৮৫ থেকে ৯০ দিন জমিতে রাখলে উৎপাদন প্রায় দ্বিগুণ হতো। তিনি বলেন, ‘গত বছরের মতো আড়াই থেকে তিন শ টাকা মণ হলে সর্বনাশ হবে। এ আশঙ্কায় আগাম বিক্রি করে দিয়েছি।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কর্মকর্তা আজাহার আলী জানান, শতকরা পাঁচ ভাগ আলু আগাম বিক্রি হলেও উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়বে না।পাঁচবিবি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ছয় হাজার ২১২ হেক্টরে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্জিত হয়েছে সাত হাজার ৬০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৮ হাজার ৬৫০ মেট্রিক টন। আগাম আলু তোলার জন্য উৎপাদন কিছুটা কম হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৮৪৮ হেক্টর বেশি আলুর চাষ হওয়ায় উৎপাদনে ঘাটতি পুষিয়ে যাবে। আয়মা রসুলপুর গ্রামের কৃষক ছানোয়ার হোসেন জানান, তিনি এ মৌসুমে নয় বিঘা জমিতে আলু চাষ করেছেন। ইতিমধ্যে তিন বিঘার আলু তুলে বিক্রি করেছেন। মৌসুম শেষে আলু তোলা হলে বিঘায় ৫০ থেকে ৬০ মণ হতো। আগাম আলু তোলার কারণে প্রতি বিঘায় ৩০ মণ হয়েছে। বিঘাপ্রতি ২০ মণ আলু কম পেলেও বেশি দামে বিক্রি করায় তা পুষিয়ে গেছে। আলুর আবাদে প্রতি বিঘায় তাঁর খরচ হয়েছে ছয় হাজার টাকা। আলু বিক্রি করেছেন ২৮ হাজার টাকার।কেশবপুর গ্রামের কৃষক ফারুক হোসেন এক বিঘা জমিতে চাষ করে পেয়েছেন ২০ মণ আলু। বিক্রি করেছেন ২২ হাজার টাকায়। খরচ বাদে লাভ করেছেন ১৭ হাজার টাকা।উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল ওয়াদুদ বলেন, এবার আলুর কোনো রোগবালাই ছিল না। দামে কৃষকেরা খুশি হওয়ায় ভবিষ্যতে আলুর চাষ বৃদ্ধি পাবে।