বেশি দাম হাঁকছেন বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলক্ষেত বনরূপা হাউজিংয়ে বসেছে কোরবানির পশুর হাট। গতকালের ছবি l প্রথম আলো
খিলক্ষেত বনরূপা হাউজিংয়ে বসেছে কোরবানির পশুর হাট। গতকালের ছবি l প্রথম আলো

ঈদ আসতে এখনো পাঁচ দিন বাকি। এরই মধ্যে রাজধানীর কোরবানির হাটগুলোতে গবাদিপশু আসতে শুরু করেছে। তাই গতকাল মঙ্গলবার দুপুরে খিলক্ষেত বনরূপা হাউজিংয়ের হাটে একটি ছোট গরু কিনতে এসেছিলেন ব্যবসায়ী আতাউর রহমান। পছন্দের একটি গরুর দরদাম করেন বিক্রেতা মো. জিয়ার সঙ্গে। জিয়া গরুটির দাম হাঁকেন ৭০ হাজার টাকা।
আতাউর বলেন, ‘ভাই, কী বলেন! আপনি তো আগুন মিশিয়ে দাম চাইছেন। ছোট গরু। মাংস মিলবে খুব বেশি হলে ৯০ কেজি। এই দামে গরু কেনা যাবে না।’ তাই গরু না নিয়েই ফিরে যান তিনি।
ছোট গরুর দাম সম্পর্কে মো. জিয়া বলেন, তাঁর কাছে দুই থেকে আড়াই মণ ওজনের দুটি গরু আছে। দুটি গরু তিনি ১ লাখ ৪০ হাজার টাকায় ছেড়ে দেবেন। এত দাম কেন, জানতে চাইলে বলেন, ‘পোষাইতাছে না। তাই দাম চাইতাছি।’
গরু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখন বাজার যাচাই করতে চাইছেন। আর ক্রেতারাও অল্পস্বল্প এসে হাট ঘুরে দেখছেন। তবে বেশ দ্রুতই এই হাটের বিরাট খোলা জায়গা ভরে যাচ্ছে সারি সারি গরুতে।
বিক্রেতারা গরুগুলো নিয়ে শামিয়ানা টাঙিয়ে অবস্থান নিচ্ছেন। তাঁদের কেউ এসেছেন কুষ্টিয়া থেকে, কেউ টাঙ্গাইল, কেউ পাবনা কিংবা সিরাজগঞ্জ থেকে। একেকজন বিক্রেতার কাছে সর্বোচ্চ ১৫টি ও সর্বনিম্ন ২টি গরু রয়েছে।
এরই মধ্যে হাটে হাজার দেড়েক গরু এসেছে। তবে বিক্রি নেই। কারণ, ক্রেতা কম। বিক্রেতা বেশি। এখনই তাঁরা গরু ছাড়তে চাইছেন না। দাম হাঁকাচ্ছেন দ্বিগুণের বেশি। এর মধ্যে কেবল একটি গরু বিক্রি হয়েছে বলে হাট কর্তৃপক্ষ জানায়।
কুষ্টিয়া থেকে মো. এখলাস তিনটি বড় গরু নিয়ে হাটে এসেছেন। একটি আনুমানিক চার মণ ওজনের। জানালেন, এই গরুর জন্ম তাঁর খামারেই। নিজেই লালনপালন করেছেন। দাম হাঁকাচ্ছেন ১০ লাখ টাকা।
দামের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, নিজের পালা এই গরু এর চেয়ে কম দামে বিক্রি করতে পারবেন না।
হাটে মো. এখলাস যেখানে বসে আছেন, সেখান থেকে কিছু দূরে আছেন কুষ্টিয়া থেকে আসা বিক্রেতা সেকান্দার। তাঁর গরুটিও প্রায় একই মাপের। রং লাল। তিনি গরুটির দাম হাঁকালেন দুই লাখ টাকা। সেকান্দার বলেন, ‘আমি এই গরু ১০ মাস আগে ৭২ হাজার টাকায় কিনেছি। লালনপালন ও খাওয়াদাওয়ায় খরচ হয়েছে ৫০ হাজার টাকা। আমি খুব কমই লাভ চাচ্ছি।’
খিলক্ষেত বনরূপা হাটের পরিচালনা কমিটির সদস্য বেলাল হোসেন বলেন, রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে তাঁদের হাটটি সবচেয়ে বড়। তাঁরা আশা করছেন, এই হাটে ১৫ হাজারের মতো গরু ও ছাগল আসবে। পশু এলে দামে সামঞ্জস্য আসবে। ক্রেতারা গরু পাবেন।
এদিকে এই হাটে সাদাপোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। তাঁরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন। খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমানের সঙ্গে হাটের নিয়ন্ত্রণকক্ষের সামনে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ঈদের দিন নামাজের আগ পর্যন্ত হাটে নিরাপত্তাব্যবস্থা থাকবে।