বেশি দামে অন্যত্র বিক্রিই উদ্দেশ্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা বেশি দেখিয়ে চলতি আমন মৌসুমে যশোর জেলায় অতিরিক্ত ছয় হাজার মেট্রিক টন অ-ইউরিয়া সার (টিএসপি—ট্রিপল সুপার ফসফেট, এমওপি—মিউরেট অব পটাশ এবং ডিএপি—ডাই অ্যামোনিয়াম ফসফেট) বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি আমন মৌসুমে ওই সার ব্যবহারের সময় শেষ হওয়ার পরও তা বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বরাদ্দ-প্রক্রিয়া এবং ব্যবহারের ক্ষেত্র নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ উঠেছে, সরকারের ভর্তুকির ওই সার চাষাবাদের বাইরে মৎস্য খামারিদের কাছে এবং অন্য জেলায় অতিরিক্ত মূল্যে বিক্রির জন্যই ডিলাররা বেশি চাহিদা দেখিয়ে বরাদ্দ নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষক পর্যায়ে সার ব্যবহার সুষমকরণ, উৎপাদন বৃদ্ধি এবং ব্যয় কমাতে সরকার ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে আমদানি করা অ-ইউরিয়া সারে ১৫ শতাংশ ভর্তুকি দেয়।
নিয়ম অনুযায়ী, ওই সার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলাররা বেসরকারি আমদানিকারকদের কাছ থেকে সরকারনির্ধারিত দামে কিনে সরাসরি ও খুচরা সার বিক্রয় প্রতিনিধির মাধ্যমে নিজ নিজ এলাকার কৃষকদের কাছে বিক্রি করবেন। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) ডিলাররা সরাসরি কৃষকদের কাছে সার বিক্রি করবেন। সরকার বিএডিসির মাধ্যমে সরাসরি বিদেশ থেকে অ-ইউরিয়া সার আমদানি করে থাকে। এ ছাড়া সরকার বেসরকারি সার আমদানিকারকদের আমদানি করা সারে ভর্তুকি প্রদান করে।
কৃষি-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জুলাইয়ের শুরু থেকে মধ্য অক্টোবর পর্যন্ত আমন মৌসুম। আমন ধানের চারা রোপণের সময়কাল মধ্য জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এই সময়টাতেই মূলত অ-ইউরিয়া সারের ব্যবহার করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক চাহিদা এবং চাহিদার অতিরিক্ত উপ-বরাদ্দপত্রগুলো পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আমন মৌসুমে (জুলাই ও আগস্ট) জেলায় অ-ইউরিয়া সারের বরাদ্দ দেওয়া হয় ১৪ হাজার ৬২ মেট্রিক টন। আমন আবাদে অ-ইউরিয়া সারের ব্যবহার শেষ হওয়ার পরপরই গত ২৫ আগস্ট সেপ্টেম্বর মাসের জন্য আরও দুই হাজার ৮৭৯ মেট্রিক টন অ-ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়। এরপর ১১ সেপ্টেম্বর পুনরায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে ছয় হাজার মেট্রিক টন। আর গত মৌসুমে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল ১৪ হাজার ৯৩২ মেট্রিক টন সার।
গত বছর জেলায় আমন আবাদ হয় এক লাখ ৩১ হাজার ৯২৭ হেক্টর জমিতে। এবার এক লাখ ৩৫ হাজার ৪৯১ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। অর্থাৎ গতবারের চেয়ে এবার মাত্র তিন হাজার ৬২৮ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। গতবার অ-ইউরিয়ার মোট বরাদ্দ ছিল ১৪ হাজার ৯৩২ মেট্রিক টন। আর এবার মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২২ হাজার ৯৪১ মেট্রিক টন।
নাম প্রকাশ না করার শর্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, চাহিদা অনুযায়ী ডিলারদের মধ্যে সার ভাগ করে দেওয়া হয়। এক উপজেলায় বরাদ্দ দেওয়া সার অন্য উপজেলায় বিক্রি করার কোনো নিয়ম নেই। আমন মৌসুমে অ-ইউরিয়া সার ব্যবহারের সময়কাল আগেই শেষ হয়ে গেছে। এখন সারের তেমন চাহিদাও নেই। কিন্তু অতিরিক্ত বরাদ্দ দেওয়া সার কোথায় যাচ্ছে এবং কোন জমিতে ব্যবহার করা হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য কৃষি বিভাগের হাতে নেই। লুটপাটের জন্যই এই বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, দেশের সবচেয়ে বড় সার বিপণনকেন্দ্র অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় প্রায় ২০০ ক্ষুদ্র সার ব্যবসায়ী রয়েছেন। চাহিদা কম থাকায় বরাদ্দ দেওয়া অতিরিক্ত অ-ইউরিয়া সার ডিলাররা উত্তোলন করে তা আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বস্তাপ্রতি ৪০ থেকে ১২৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছেন। এক জায়গায় বরাদ্দ দেওয়া সার অন্য জায়গায় বিক্রির নিয়ম না থাকলেও যশোরে বরাদ্দ দেওয়া ওই সার ডিলাররা দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছেন। সারের একটা বড় অংশ চলে যাচ্ছে মাছের ঘেরে।
জানতে চাইলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) যশোর জেলার সভাপতি শাহ জালাল হোসেন বলেন, ‘সরকারের সঙ্গে আমদানিকারকদের সমস্য হওয়ায় নন-ইউরিয়া সার আমদানি করতে একটু দেরি হয়ে গেছে। এ কারণে আমন মৌসুমে সারা দেশে নন-ইউরিয়া সারের সংকট সৃষ্টি হয়। তা ছাড়া বিএডিসির বরাদ্দ দেওয়া টিএসপি সার মরক্কো থেকে আমদানি করা। কৃষক তিউনিশিয়ায় উৎপাদিত টিএসপি ছাড়া অন্য কোনো টিএসপি কিনতে চান না। এ কারণে অনেক ডিলার এবার বিএডিসির টিএসপি সার উত্তোলন করেননি। এই সংকট দূর করতে ডিসি সাহেবকে বলে আমরা অতিরিক্ত বরাদ্দ করিয়েছি। এখন ডিলাররা সারও তুলছেন।’
আমন মৌসুম তো শেষ। এখন অতিরিক্ত বরাদ্দের সার কোন খাতে ব্যবহার করা হবে, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস দাবি করেন, ‘অ-ইউরিয়া সারের ব্যবহার অনেক বেড়ে গেছে। গত বছরের চেয়ে এবার জেলায় পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। জেলায় ব্যাপক হারে সবজির চাষও হয়। এসব কারণে অ-ইউরিয়া সারের চাহিদা বেশি। এ জন্য অতিরিক্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে।’
আমন মৌসুমে সার ব্যবহারের সময় শেষ হওয়ার পর অতিরিক্ত বরাদ্দ কেন দেওয়া হলো, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর বলেন, ‘কৃষি সমপ্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক যেভাবে চাহিদা দিয়েছেন, সেভাবে সার বরাদ্দ দেওয়া হয়েছে। মাছ চাষের জন্য কোনো সার বরাদ্দ দেওয়া হয়নি। এর পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।’