বেশি দামে চিনি বিক্রির দায়ে ১১ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি, ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার রাজধানীতে ১১ জন ব্যবসায়ীকে দুই লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি এলাকার বাজারে অভিযান চালান।বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কারওয়ান বাজার ও কলমিলতা বাজারে অভিযান চালায়। দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত নিউমার্কেট এলাকার হোসেন স্টোরে অভিযান চালান। ওই দোকানি প্রতি কেজি খোলা চিনি ৪৯ টাকায় বিক্রি করছিলেন। আদালত সোলায়মান হোসেন নামের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। দোকানি আদালতকে চিনি কেনার একটি রসিদ দেখান। এতে প্রতি মণ চিনির পাইকারি দাম লেখা ছিল এক হাজার ৬৮৫ টাকা। এ হিসাবে প্রতি কেজি চিনির পাইকারি দাম পড়ে ৪৫ টাকা ১৫ পয়সা। ওই দোকানি জানান, প্রতি ৫০ কেজির বস্তা চিনিতে পরিবহন-ভাড়া ও কুলি খরচ পড়ে ২৫ টাকা। এ ছাড়া ৫০ পয়সা দামের পলিথিন দিয়ে প্যাকেট করা হয়েছে। এ হিসাবে প্রতি কেজি চিনিতে ৫০ পয়সার বেশি লাভ থাকে না। পরে আদালত একই কাঁচাবাজারের শাহিনূর স্টোরে অভিযান চালান। বেশি দামে চিনি বিক্রির দায়ে আদালত দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে আদালত সাথী এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। গতকাল অভিযানের সময় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব গোলাম হোসেন ও উপসচিব আখতারুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। এতে সহায়তা করে র‌্যাব-২-এর একটি দল। অন্য একটি আদালত রাজধানীর হাতিরপুল এলাকায় অভিযান চালান। সেখানেও বেশি দামে চিনি ও ভোজ্যতেল বিক্রির দায়ে লিটন স্টোরকে ২০ হাজার, মিন্টু স্টোরকে ২০ হাজার, মেসার্স ভাই ভাই স্টোরকে ৫০ হাজার ও মিতালী স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত পরে কারওয়ান বাজারে অভিযান চালান। সেখানে বেশি দামে চিনি বিক্রির দায়ে আমিন স্টোরকে ৫০ হাজার ও আঁখি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞার নেতৃত্বে একটি দল রাজধানীর কলমিলতা বাজারে অভিযান চালায়। ওই বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি ও ভোজ্যতেল বিক্রির দায়ে মৌসুমী স্টোরকে এক হাজার টাকা, রায়পুরা স্টোরকে এক হাজার টাকা ও কাঞ্চন জেনারেল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফায়জুল হক প্রথম আলোকে জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। রমজান মাসজুড়ে অভিযান চলবে। তিনি আরও জানান, প্রয়োজনে একই মার্কেটে একাধিকবার অভিযান চালানো হবে।