বেশি দামে মশার ওষুধ কিনছে উত্তর সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে মশা মারার ওষুধ কেনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ৫২ লাখ টাকা। একই ওষুধ সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৭১ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
উড়ন্ত মশা মারতে ব্যবহৃত হয় অ্যাডাল্টিসাইড নামের ওষুধ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা যায়, এ বছর দুই দফায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিএনসিসি ১ লাখ ৯০ হাজার লিটার অ্যাডাল্টিসাইড কিনেছে। আরও ৭৫ হাজার লিটার কেনার প্রক্রিয়া চলছে।
ডিএনসিসি প্রথম দফায় প্রতি লিটার ৪৩৮ টাকা দরে ৫০ হাজার লিটার, দ্বিতীয় দফায় ৪৪৩ টাকা দরে ১ লাখ ৪০ হাজার লিটার অ্যাডাল্টিসাইড কেনে। দুই দফায় প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার ওষুধ কেনা হয়। তৃতীয় দফায় ৪২৭ টাকা দরে ৭৫ হাজার লিটার ওষুধ কেনা হবে। অথচ, এই একই ওষুধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছে প্রতি লিটার ৪১৪ দশমিক ৫০ টাকায়।
বেশি দামে ওষুধ কেনার বিষয়ে ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা দেওয়ান মো. আবদুস সামাদ (সদ্য বদলি হওয়া) প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান আরেক সরকারি প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারবে, সেটা ঠিক আছে। ডিএনসিসি ই-টেন্ডারিংয়ের মাধ্যমে মশার ওষুধ কিনেছে। সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। আর দক্ষিণ সিটি করপোরেশন কোন প্রক্রিয়ায় কীভাবে ওষুধ কিনেছে, সে বিষয়ে আমাদের ধারণা নেই।’
ডিএনসিসি সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেই তিন দফায় এবারের ওষুধ কেনা হচ্ছে। গত বছরও ডিএনসিসি এই প্রতিষ্ঠানের কাছ থেকে একই ওষুধ কিনেছিল। ওই প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রায় ৭০ হাজার লিটার ওষুধ নিম্নমানের হওয়ায় ডিএনসিসি ফেরত দিয়েছিল।
ডিএসসিসির ভান্ডার ও ক্রয় বিভাগ সূত্রে জানা যায়, ডিএসসিসি সব সময় বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে মশা মারার ওষুধ কিনে থাকে। এ বছর একইভাবে দুই লাখ লিটার কীটনাশক অ্যাডাল্টিসাইড কেনার জন্য ১২টি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চিঠি দেয় ডিএসসিসি। তবে মাত্র তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। প্রতি লিটার ৪৫০ টাকা সর্বনিম্ন দরে দরপত্র জমা পড়ে।
ডিএসসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন প্রথম আলোকে বলেন, দক্ষিণ সিটি করপোরেশন উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে অতিরিক্ত দাম দিচ্ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দেওয়া দামে সিটি করপোরেশনের পক্ষে ওষুধ নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই সরকারি প্রতিষ্ঠান থেকে ক্রয় করার সিদ্ধান্ত হয়। পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন (পিপিআর), ২০০৮ অনুযায়ী সরকারের এক প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠান থেকে সরাসরি মাল কেনার জন্য বলা হয়েছে।
ডিএসসিসি নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে ওষুধ সরবরাহের দায়িত্ব দেয়। প্রতি লিটার অ্যাডাল্টিসাইড ৪১৪ দশমিক ৫০ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বনিম্ন দরদাতার দেওয়া দর থেকে ডিএসসিসির প্রতি লিটারে সাশ্রয় হয় ৩৫ দশমিক ৫০ টাকা। ডিএসসিসির মোট দুই লাখ লিটার ওষুধে সাশ্রয় হয়েছে প্রায় ৭১ লাখ টাকা।
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মূলত জাহাজ তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সীমিত বাণিজ্যিক কাজেও এ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে। মশা মারার ওষুধ উৎপাদন না করায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষ তৃতীয় পক্ষের কাছ থেকে ওষুধ সংগ্রহ করেছে।