বেশি দামে মাস্ক বিক্রি করায় মামলা

অবৈধভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) বিক্রি ও মাস্কের দাম বেশি রাখায় রাজধানী ঢাকায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের অধীনে ভ্রাম্যমাণ আদালত শাহবাগ থানায় পুলিশকে মামলার করার নির্দেশ দেয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।
ঢাকা জেলা প্রশাসনের দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইস্কাটনে জহুরা টাওয়ারে ‘এন নাইন্টি ফাইভ’ মাস্ক বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর সেখানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরে জমিন গিয়ে ‘কে নাইন্টি ফাইভ’ মাস্ক প্রতি পিস ৫৮০ টাকা ও ‘এন নাইন্টি ফাইভ’ মাস্ক প্রতি পিস ১৫০০ টাকা করে বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে বিপুল পরিমাণ পিপিই, হ্যান্ড গোলবস ও করোনা পরীক্ষার কিট পাওয়া গেছে। এ ধরনের সামগ্রী শুধুমাত্র অনুমোদিত প্রতিষ্ঠানে থাকার কথা। অপরাধের ব্যাপকতা বিবেচনায় এনে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশ দেয়। গতকালই শাহবাগ থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ শুক্রবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৯২৫ জন দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা উপস্থিত ছিলেন।