বেশি দামে মিল্ক ভিটা বিক্রি করায় চারজনকে জরিমানা
বেশি দামে মিল্ক ভিটা দুধ বিক্রি করায় রাজধানীর হাজারীবাগ ও ধলপুরের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।এ ছাড়া অতিরিক্ত দাম আদায়ের ঘটনায় জড়িত থাকায় মিল্ক ভিটার পরিবেশক ডিজিটাল প্লাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ শনিবার মিল্ক ভিটা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিল্ক ভিটার বিপণন নীতিমালা ভঙ্গ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে ডিলারশিপ বাতিলের বিধান রয়েছে।এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভোক্তাদের সচেতনতা অপরিহার্য।বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রির প্রবণতা ঠেকাতে অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে বলেই এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ গত দুই সপ্তাহে বাজার অনুসন্ধানের মাধ্যমে ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রেতা কর্তৃক তরল দুধের অতিরিক্ত দাম আদায়ের ৯০টি অভিযোগ পেয়েছে।এ ছাড়া সমিতিভুক্ত সরবরাহকারীদের বিরুদ্ধে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পেয়েছে ৪০টি।ভোক্তা পর্যায়ের অধিকাংশ অভিযোগ এসেছে রাজধানীর যাত্রাবাড়ী, মানিকনগর, লালবাগ, জুরাইন, ডেমরাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকা থেকে।এসব অভিযোগ পেয়ে মিল্ক ভিটার পক্ষ থেকে অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে ভোক্তা-অধিকার আইনে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়।
মিল্ক ভিটার নিজস্ব টাস্কফোর্স ও বাজারজাতকরণ দল অতিরিক্ত দাম আদায়ের ঘটনা প্রতিরোধে দোকানে-দোকানে ও মহল্লায়-মহল্লায় পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। এ কারণে গত সপ্তাহে অভিযোগের সংখ্যা কমে এসেছে।