বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
বরগুনার আমতলীতে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার মহিষকাটা বাজারে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম মনিরুল ইসলাম। কৃষক ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকার সম্প্রতি প্রতি কেজি ইউরিয়া সারের দাম চার টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমতলী উপজেলার বিভিন্ন স্থানে প্রতি কেজি সার ২২ টাকায় বিক্রি করা হচ্ছে। আমন মৌসুম শুরু হওয়ায় ব্যাপক চাহিদার কারণে ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন। গতকাল উপজেলার মহিষকাটা বাজারের বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ১৬ টাকার বদলে ২২ টাকায় সার বিক্রি হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহালমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল গতকাল দুপুরে ওই বাজারে অভিযান চালিয়ে বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মনিরুলকে আটক করে। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও মো. আবদুল্লাহ।