সরকারনির্ধারিত দাম বেশি হলেও সরকারের চলতি বোরো সংগ্রহ অভিযানে ভোলার খাদ্যগুদামে কোনো কৃষক ধান বিক্রি করেননি। ১ ছটাক ধানও কিনতে পারেনি খাদ্যগুদামগুলো।
স্থানীয় কৃষকেরা বলছেন, মৌসুমের শুরুতে ধান ভেজা থাকায় এখানে সংগ্রহ অভিযান শুরু করা হয় না। পরে যখন সরকারি খাদ্যগুদামে ধান কেনা শুরু হয়, সে সময় কৃষকের হাতে আর ধান থাকে না।
জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, চলতি বছরে ভোলায় ১২ হাজার ৭০ টন বোরো ধান কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ২৪ টাকা (প্রতি মণ ৯৬০ টাকা)। এ বিষয়ে ঢাকা থেকে চিঠি এসেছে গত ১৩ জুন। জেলা পর্যায়ে সভা করার পর ১৮ জুন উপজেলা পর্যায়ে নির্দেশ দেওয়া হয়। ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনার শেষ দিন। গত রোববার পর্যন্ত জেলার কোনো খাদ্যগুদামে ধান কেনা হয়নি। এর আগের বছরগুলোতেও এ জেলায় খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্য পূরণ হয়নি। গুদামের ধারণক্ষমতা ১৬ হাজার ২৫০ টন। বর্তমানে গুদামে মজুত আছে ৬৮৮ টন ধান ও গম।
এ বিষয়ে জেলা খাদ্যনিয়ন্ত্রক অনন্ত কুমার বিশ্বাস বলেন, খাদ্য বিভাগ সারা দেশে চাল কেনার নির্দেশ দিলেও ভোলায় ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছে। এ নির্দেশ এসেছে গত জুনে। বিভিন্নভাবে প্রচার চালালেও কোনো কৃষক বোরো ধান গুদামে বেচতে আসেননি। বর্তমানে কৃষকের হাতে ধান না থাকায় কৃষি বিভাগ কৃষকের তালিকাও দেয়নি।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ভোলায় এ বছর ৪৫ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এতে উৎপাদিত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ২০৩ টন ধান। কৃষক ঘরে ধান তুলেছেন মার্চ-এপ্রিলের মাঝামাঝি সময়ে। বর্তমানে কৃষকের ঘরে শুধু বীজ আর খাওয়ার জন্য ধান রয়েছে।
বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু ভোলা নয়, বরিশাল অঞ্চলে ধানখেত ভেজা থাকে। ফলে দেশের অন্য স্থানের মতো খেতে ধান শুকিয়ে ঘরে আনা সম্ভব না। ধান বেশি উৎপাদিত হয় চরাঞ্চলে। লোকজন বাঁধ ও চরাঞ্চলে টং বানিয়ে বাস করেন। বেশির ভাগ কৃষক সরকারি সড়কের ওপর খাওয়ার ও বীজ ধান শুকিয়ে সংগ্রহ করেন। বাকি ধান খেত থেকেই বেচে দেন।
সদর উপজেলার চর ভেদুরিয়া গ্রামের মো. টুটুল, দক্ষিণ রাজাপুর গ্রামের আবদুর রহিম ও দৌলতখান উপজেলার চর পদ্মা গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, বেশির ভাগ ক্ষেত্রে জমির প্রকৃত মালিক কৃষিকাজ করেন না। ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরা দোকান থেকে বীজ, সার ও কীটনাশক এবং পাইকারের কাছ থেকে ঋণ নিয়ে ধানের আবাদ করেন। ধান কেটেই ঋণ পরিশোধ করতে হয়। তখন কম দামে ধান বিক্রি করে দিতে হয়। বর্তমানে বাজারে প্রতি মণ ধানের দাম ৮০০-৮৫০ টাকা। সরকার বেশি দাম দিলেও এখন তাঁদের ঘরে ধান নেই।
৩০ বছর ধরে খামারভিত্তিক কৃষিতে জড়িত আছেন সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের সোনালি কৃষি খামারের ব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, সারা দেশের নিয়ম ভোলায় মানলে চলবে না।