বেশি দামেও মরিচচাষির মুখে নেই হাসি
পাবনার সাঁথিয়া উপজেলায় সপ্তাহ দু-এক আগে চার-পাঁচ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। অথচ এখন তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। মরিচের দাম বাড়লেও ফলন কমে যাওয়ায় চাষিদের মুখে হাসি নেই।
পাবনার সাঁথিয়া উপজেলা দেশের অন্যতম মরিচ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। এবার এই উপজেলায় দুই হাজার ৪৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। পাইকারি ক্রেতারা এখান থেকে মরিচ কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। গত শনিবার বেড়ার করমজা হাটে ঢাকায় পাঠানোর জন্য কাঁচা মরিচ কিনছিলেন সাঁথিয়ার ব্যবসায়ী আবদুল আলিম। তিনি বলেন, ‘৫০ মণের বেশি কেনার ইচ্ছা ছিল। কিন্তু বাজারে আমদানি কম হওয়ায় ১৫ মণের মতো মরিচ কিনছি।’
করমজা হাটের কাঁচামালের আড়তদার আনোয়ার হোসেন বলেন, ‘দুই-তিন সপ্তাহের মইধ্যে কাঁচা মরিচের দাম প্রায় ১০ গুণ বাড়িছে। আইজকা (২০ জুন) সকালে ৪৫-৪৮ টাকা কেজি দরে মরিচ বেচাকেনা হলিউ দুপুরে দাম ৩৫ টাকায় আইস্যা দাঁড়াইছে।’
শনিবার জেলার প্রধান পাইকারি কাঁচামালের হাট সাঁথিয়ার করমজায় গিয়ে সাত-আটজন মরিচচাষির সঙ্গে কথা হয়। তাঁরা জানান, কয়েক দিনের টানা রোদে সব মরিচগাছ কুঁকড়ে যাওয়া শুরু করেছে। পাশাপাশি গাছে থাকা মরিচও দ্রুত পেকে যাচ্ছে। এ অবস্থায় হঠাৎ করে ফলন বেশ কমে গেছে। মরিচচাষিরা জানান, মাস খানেক আগে যখন গাছভরা মরিচ ছিল, তখন প্রতি কেজি মরিচ খেত থেকে তুলতে কামলাকে দিতে হতো তিন থেকে চার টাকা। এখন ফলন কমে যাওয়ায় প্রতি কেজি মরিচ ছয় টাকার নিচে তোলানোই যাচ্ছে না।
শহীদনগর গ্রামের মরিচচাষি নজরুল ইসলাম বলেন, ‘চার বিঘায় মরিচের আবাদ করতি ৬০ হাজার টাকার মতো খরচ হইছে। এই খরচের বেবাকই এবার লস। মাস খানেক আগে গাছভরা মরিচ ছিল। কিন্তু বেচাকেনা হইছে তিন-চার টাকা কেজি দরে। এখন ৪৫-৫০ টাকা দরে বেচাকেনা চললেও গাছে মরিচ নাই।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন প্রামাণিক বলেন, ‘আরও মাস দেড়েক পর্যন্ত জমি থেকে মরিচ তোলা যাবে। জলবায়ুতে তারতম্যের কারণে মরিচগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফলন কিছুটা কমে গেছে। বৃষ্টি হলেই ফলন আবার বাড়বে।’