বেশি দামের কারণে এলপি গ্যাসের ব্যবহার বাড়ছে না

কার্যকর বিকল্প জ্বালানি হিসেবে জনপ্রিয় হলেও মূল্যবৈষম্যের কারণে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস পাইপলাইনের গ্যাসের প্রকৃত বিকল্প হয়ে উঠছে না। সরকারের পরিকল্পনা হচ্ছে, তিন বছরের মধ্যে অন্তত আবাসিক খাতে প্রধান জ্বালানি হিসেবে এলপি গ্যাসকে প্রতিষ্ঠা করা এবং পাইপলাইনের গ্যাস সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া।
এলপি গ্যাস আমদানি, সিলিন্ডারে ভরা ও বিপণনের সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, এলপি গ্যাসের চাহিদা বাড়ছে। সঙ্গে সঙ্গে বাড়ছে এর সরবরাহের সক্ষমতাও। আবাসিক খাতে তো বটেই, বাণিজ্যিক ও পরিবহন খাতেও এলপি গ্যাস বর্তমান জ্বালানির কার্যকর বিকল্প হতে পারে। কারণ, ওই দুই খাতেও এর ব্যবহার বাড়ছে। তবে সেখানে প্রধান বাধা এর দাম।
বর্তমানে আবাসিক খাতে দুই চুলায় পাইপলাইন গ্যাস ব্যবহারের জন্য মাসে ব্যয় মাত্র ৪৫০ টাকা। কিন্তু এলপি গ্যাস ব্যবহার করলে একটি পরিবারের ব্যয় হয় গড়ে প্রায় দুই হাজার টাকা। দেশে ব্যবহৃত এলপি গ্যাসের প্রায় ৯০ শতাংশ আমদানি করা। তাই এর দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। সুতরাং দেশে ব্যবহারকারী পর্যায়ে এর দাম নিয়ন্ত্রণ করতে হলে ভর্তুকির মতো সরকারি সহায়তা অপরিহার্য।
এ বিষয়ে বর্তমান সরকারের সর্বশেষ অবস্থান হচ্ছে এলপি গ্যাসে ভর্তুকি দেওয়া। কিন্তু কী পদ্ধতিতে তা দেওয়া হবে, ভর্তুকির অর্থ সরাসরি গ্রাহককে দেওয়া হবে, নাকি সরবরাহকারী কোম্পানির হাতে দেওয়া হবে, এ বিষয়ের নিষ্পত্তি এখনো হয়নি।
সরকারের অনুরোধে গত মাসের মাঝামাঝি সময়ে এলপি গ্যাস আমদানি ও বিপণনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভর্তুকির পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন জ্বালানি মন্ত্রণালয়ে উপস্থাপন করেছেন। মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে দেখছে। তবে শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হচ্ছে না বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
এলপি গ্যাসের ব্যবহারকারী অধিকাংশেরই আর্থিক সচ্ছলতা কম। তাঁরা বসবাসও করেন মফস্বল শহর থেকে গ্রাম পর্যন্ত। এই জনগোষ্ঠীর জন্য সরকার এলপি গ্যাসের মূল্যবৈষম্য অবসানে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ বৈষম্য অবসানের একটি পন্থা ভাবা হয়েছিল। তখন সরকার ঠিক করেছিল, পাইপলাইন গ্যাসের দাম বাড়িয়ে এলপি গ্যাসে ভর্তুকি দেওয়া হবে। তাতে গ্রাহকেরা কিছুটা কম দামে এলপি গ্যাস পাবেন। কিন্তু বিষয়টির সঙ্গে রাষ্ট্রীয় নীতিগত ও আর্থিক বিষয়ের সংশ্লেষ থাকায় তত্ত্বাবধায়ক সরকার সেই সিদ্ধান্ত নিতে পারেনি।
ব্যবসায়ীরা সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে পাইপলাইন গ্যাসের দাম এলপি গ্যাসের দামের সঙ্গে সমন্বয় করার কথা বলা হয়েছে। আবাসিক খাতে এলপি গ্যাসের জন্য আপাতত ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া যেতে পারে বলে তাঁরা প্রস্তাব করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তুকির পরিমাণ সমন্বয়ের কথা বলছেন ব্যবসায়ীরা।
প্রস্তাবে বলা হয়, আবাসিক খাতে প্রদেয় ভর্তুকি সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়ার জন্য একটি সর্বজনীন পদ্ধতি প্রণয়ন করা যেতে পারে। আর হোটেল, রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান, বাণিজ্যিক ভবন, আবাসিক হোটেল, আবাসন প্রকল্পে বিপণনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এলপি গ্যাস-সংযোগ ও সরবরাহের জন্য অবকাঠামো গড়ে তোলা উচিত।
ব্যবসায়ীরা এলপি গ্যাস জনপ্রিয় করার জন্য এর কাঁচামাল, যন্ত্রপাতি, কনভার্শন কিট প্রভৃতি আমদানির ওপর শুল্ক ও কর প্রত্যাহারেরও দাবি করেছেন। পাশাপাশি তাঁরা প্রজ্ঞাপন জারি করে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পাইপলাইন গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধের পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ কয়েক দিন আগে সাংবাদিকদের বলেছিলেন, সরকারের লক্ষ্য তিন বছরের মধ্যে শতকরা ৭০ ভাগ মানুষকে এলপি গ্যাস ব্যবহারের আওতায় নিয়ে আসা। এ জন্য সরকারও করণীয় সম্পর্কে ভাবছে। হয়তো সেই ভাবনার সঙ্গে ব্যবসায়ীদের ভাবনার সমন্বয়ে একটি পদ্ধতি প্রণয়ন করা যেতে পারে। বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।