প্রভাবশালী চিকিৎসা ও স্বাস্থ্য সাময়িকী ল্যানসেট বলছে, যেসব শিশু বেশি বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খায়, পরে তাদের দাঁত এবড়োখেবড়ো কম হয়। তারা তুলনামূলকভাবে বেশি বুদ্ধিদীপ্ত হয়। তাদের রোগ সংক্রমণের ঝুঁকি আর মৃত্যুহারও কম।
মায়ের বুকের দুধ খাওয়ানো বিষয়ে গতকাল শনিবার ল্যানসেট দুটি প্রবন্ধ প্রকাশ করেছে। এর প্রথমটিতে বলা হয়েছে, জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো সর্বজনীন করা সম্ভব হলে বছরে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী ৮ লাখ ৩২ হাজার শিশুর মৃত্যু প্রতিরোধ করা যাবে। একই সঙ্গে স্তন ক্যানসারে ২০ হাজার মায়ের মৃত্যুও কমানো সম্ভব। এ ছাড়া শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের ডায়াবেটিস ও জরায়ু ক্যানসারের ঝুঁকি কমে এবং দুটি সন্তান জন্ম দেওয়ার মাঝের সময় (বার্থ স্পেসিং) দীর্ঘতর হয়।
দ্বিতীয় প্রবন্ধের শুরুতে বলা হয়েছে, মায়ের দুধের উপকারিতার বিষয়টি প্রতিষ্ঠিত হওয়ার পরও বিভিন্ন দেশে মায়ের দুধ খাওয়ানোকে রীতি হিসেবে গ্রহণ করা হয়নি। ২০১৪ সালে বিশ্বব্যাপী ৪৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য বিক্রি হয়। অথচ মায়ের দুধ খাওয়ানোর চর্চা স্বল্প ও দীর্ঘ মেয়াদে শিশু, মা ও সমাজকে স্বাস্থ্যগত, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা দেয়। মায়ের দুধ খাওয়ানো সর্বজনীন না হওয়ায় বছরে ৩০২ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে।
বিশিষ্ট শিশু পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার তিন দশক ধরে মায়ের দুধ খাওয়ানোর চর্চা জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। ল্যানসেট-এর প্রবন্ধ সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, বিশেষ নতুন তথ্য ল্যানসেট-এ নেই। তবে মায়ের দুধের উপকারিতা নিয়ে এত গভীর বিশ্লেষণ এর আগে দেখা যায়নি। তিনি বলেন, মায়ের দুধ খাওয়ালে দাঁত ক্ষয়ে যাওয়ার যে কথা এত কাল বলা হতো, নতুন তথ্য থেকে সেই সংস্কার দূর হবে।
সরকারি তথ্য বলছে, দেশে ছয় মাস বয়স পর্যন্ত ৫৫ শতাংশ শিশু শুধু বুকের দুধ খায়। ২০ থেকে ২৩ মাস বয়সী ৮৭ শতাংশ এবং এক বছরের নিচে প্রায় ১০০ শতাংশ শিশু বুকের দুধ খায়।
মায়ের দুধ থেকে ধনী ও দরিদ্র পরিবারের মা ও শিশু সমান উপকার পায় বলে ল্যানসেট-এর প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। তবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোতে দুধ খাওয়ানোর হার কম। যেসব মা শিশুকে দুধ খাওয়াতে চান, তাঁদের অনেকেই সহায়তা ও অনুকূল পরিবেশ পান না। শিশুকে দুধ খাওয়ানোর দায়িত্ব শুধু মায়ের একার নয়। তবে বিকল্প শিশুখাদ্যের বাজার অনেক বড় এবং এই শিল্প নানাভাবে মায়ের দুধ খাওয়ানোর চর্চায় বাধা দেয়।
অধ্যাপক তালুকদার বলেন, মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য আইন সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে মা ও শিশুকে সুরক্ষা দিতে হবে। মায়ের দুধ খাওয়ানোর চর্চা বৃদ্ধির কর্মসূচিকে আরও বড় করতে হবে। প্রত্যেক মা যেন নিঃসংকোচে শিশুকে দুধ খাওয়াতে পারেন, তার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সহায়তা দিতে হবে।