
৩৫ বছরের বেশি বয়সী গর্ভবতী নারীদের সন্তান জন্মদানে জটিলতা হয়। কারণ, তাঁদের প্রসব-প্রক্রিয়া দেরিতে শুরু হয় ও প্রসবের স্তরগুলো দীর্ঘায়িত হয়। এর পেছনে আছে বয়স্ক নারীদের শারীরবৃত্তীয় পরিবর্তন। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, বেশি বয়সে সন্তান জন্মের সময় জটিলতা হয়, এটা ভালোভাবেই জানা। কিন্তু শারীরবৃত্তীয় কারণে যে হয়, সেটা নিশ্চিতভাবে জানা ছিল না। নতুন গবেষণায় তা জানা গেছে। তাঁরা বলছেন, বয়স বৃদ্ধি জরায়ুর কাঠামোতে পরিবর্তন আনে, যা প্রসবকালে জটিলতা তৈরি করে। গত সপ্তাহে এ নিয়ে গবেষণা প্রবন্ধটি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত দ্য জার্নাল অব ফিজিওলজিতে ছাপা হয়েছে।
গর্ভাবস্থায় জরায়ুর মাংসপেশির কীভাবে সংকোচন হয়, জরায়ুর এসব পেশি অক্সিটোসিনে (প্রসব ত্বরান্বিত করার ওষুধ) কীভাবে সাড়া দেয়, জরায়ুর মাংসপেশি সংকোচনের শক্তি যোগানদানকারী মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কী দাঁড়ায়—এই বিষয়গুলো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক রওশন আরা বেগম এই গবেষণাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, বেশি বয়সে নারীদের হরমোনে পরিবর্তন আসে। এ ছাড়া বেশি বয়সী নারীদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ইত্যাদির ঝুঁকি বেশি থাকে। এসব প্রসব-জটিলতার কারণ।
গবেষকেরা এই গবেষণার জন্য প্রাণী মডেল ব্যবহার করেছেন। মানুষের নকল বা অনুকৃতি হিসেবে ইঁদুর নেওয়া হয়েছিল। প্রজননক্ষম ৩, ৫ ও ৮ মাস বয়সী ৫১০টি ইঁদুরের ওপর এই গবেষণা করা হয়। গর্ভবতী ইঁদুরের গর্ভাশয় ও জরায়ুর মাংসপেশির কাজ ও পরিবর্তন বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। তাঁরা দেখেছেন, বেশি বয়সী ইঁদুরের (আট মাস বয়সী) জরায়ুর মাংসপেশি সংকোচনের জিনিসগুলো ক্ষতিগ্রস্ত থাকে, সেগুলো অক্সিটোসিনে কম সাড়া দেয়। এতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকে। এগুলো প্রসব-জটিলতার কারণ। বিজ্ঞানীরা ইঁদুরের দেহে এসব পরিবর্তনের তথ্য ইনফ্রা-রেড ভিডিওচিত্র বিশ্লেষণের মাধ্যমে পেয়েছেন।
গবেষণা প্রবন্ধের শুরুর দিকে বলা হয়েছে, ৩৫ বছর বয়সের পর গর্ভধারণ করলে নির্দিষ্ট সময়ের পর প্রসব-প্রক্রিয়া শুরু হয়, প্রসব-প্রক্রিয়া শুরু হওয়ার পর তা বাধাগ্রস্ত হয়, প্রসবের পর প্রচুর রক্তক্ষরণ হয়, অনেক ক্ষেত্রে প্রসবে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। উপসংহারে গবেষকেরা বলেছেন, প্রসবকে জটিল করে এমন মূল শারীরবৃত্তীয় ও কোষের পরিবর্তনগুলো গবেষণায় চিহ্নিত করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, বেশি বয়সী নারীদের প্রসব ব্যবস্থাপনায় এই গবেষণা ফলাফল কাজে লাগবে।