বেশি বেশি বই পড়ো, মনকে বড় করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুখস্থকে না বলো, মেধার বিকাশ ঘটাও, বেশি বেশি বই পড়ো, মনকে বড় করো’—গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয় (কে বি) হাইস্কুলের স্কুল সপ্তাহ, ২০১০-এর পুরস্কার বিতরণী ও সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে স্কুলের খুদে শিক্ষার্থীদের উদ্দেশে এ আহ্বান জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল।অনুষ্ঠানে কে বি হাইস্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আবুল খায়ের চৌধুরী ও প্রক্টর মুহাম্মদ শামছুদ্দিন।নবম শ্রেণীর ছাত্রী অনামিকা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, ‘আমাদের প্রিয় লেখক জাফর ইকবাল স্যারের সংস্পর্শে থেকে এবং তাঁর অটোগ্রাফ পেয়ে আমরা ধন্য। আমরা তাঁর আদর্শে আদর্শিত হয়ে দেশ ও জাতির সেবায় কাজ করতে আগ্রহী।’প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্র একটি বইয়ের উদ্ধৃতি আমার জীবনের সবচেয়ে প্রিয় কথা; আর তা হচ্ছে, প্রত্যেক মানুষের তিনজন মা থাকে। একজন হলেন জন্মদাত্রী মা—যিনি বাচ্চারা পড়াশোনা করলে, নিয়মিত খাওয়া-দাওয়া করলে, বড়দের কথা শুনলে খুশি হন। দ্বিতীয় মা হচ্ছে মাতৃভাষা—সুন্দর ও সুষ্ঠুভাবে মাতৃভাষার চর্চা, শুদ্ধ উচ্চারণ এবং সাবলীল ভাষায় কথা বলা সবারই একান্ত কর্তব্য; আর তৃতীয় মা হচ্ছে মাতৃভূমি—যার প্রতি সবারই দায়বদ্ধতা অনেক বেশি। সবাইকে দেশের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে।’পরে বেলা আড়াইটার দিকে মুহম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।