বেশি ব্যয়ের প্রকল্পে সরকারের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, বিদ্যুৎ সমস্যার সমাধানে সুন্দরবনের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করে বিকল্প ব্যবস্থার কথা সরকারকে বললেও তারা শোনে না। সরকারের আগ্রহ হচ্ছে বেশি টাকা ব্যয় হয় এমন সব প্রকল্পে। তাদের আগ্রহ বিদেশি বিভিন্ন কোম্পানিকে সন্তুষ্ট করা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বিকেলে জাতীয় কমিটি, ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘সন্তুষ্ট করা শুধু অর্থনৈতিক লুটপাটের ভাগের জন্য নয়। সন্তুষ্ট করা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। কারণ, এখানে ভারতকে সন্তুষ্ট করতে হবে; যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াকে সন্তুষ্ট করতে হবে।’ তিনি বলেন, কাঠ কয়লা ও খনিজ কয়লার মধ্যে তফাত কী, এটা বোঝানোর মতো বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর দপ্তরে নেই। সেই বিশেষজ্ঞদের হাতেই দেশের প্রাকৃতিক সম্পদ জিম্মি হয়ে আছে, যাঁরা এই তফাত বোঝেন না।

সমাবেশে আনু মুহাম্মদ জনমত উপেক্ষা করে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি অবিলম্বে বন্ধ করার দাবি জানান। এই চুক্তি বন্ধের লক্ষ্যে দলমত-নির্বিশেষে দেশের জনগণকে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ শেষে পদযাত্রাটি প্রেসক্লাব থেকে পল্টন হয়ে বাহাদুর শাহ পার্কের দিকে যাত্রা করে। পদযাত্রার আগে সমাবেশে জাতীয় কমিটির ঢাকা মহানগর সমন্বয়কারী সেকান্দার হায়াতের পরিচালনায় জাতীয় কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম, জুলফিকার আলী, ফখরুদ্দীন কবীর প্রমুখ বক্তব্য দেন।