বেশি মাড়াই করেও ১০ কোটি টাকা লোকসানের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি (২০১০-১১) আখ মাড়াই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৭ হাজার মেট্রিক টন বেশি আখ মাড়াই করেও প্রায় ১০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে। গত মৌসুমে মিলটি প্রায় আট কোটি টাকা লোকসান দিয়েছিল। চিনির উৎপাদন খরচের চেয়ে সরকারনির্ধারিত বিক্রয়মূল্য কম, চিনি আহরণের হার হ্রাস এবং মিলে জনবল বেশি থাকায় এই লোকসান গুনতে হবে বলে মিলসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। সূত্র আরও জানায়, মিলটি চলতি মৌসুমে গত রোববার পর্যন্ত ১৪৩ দিনে দুই লাখ ৩৬ হাজার ২৭০ মেট্রিক টন আখ মাড়াই করে ১৪ হাজার ৯১৯ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। ১৩৩ দিনে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে ১৬ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ২২ অক্টোবর মিলটি এ মৌসুমের মাড়াই শুরু করে। ২০০৯-১০ আখমাড়াই মৌসুমে মিলটিতে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ৪০৫ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। মাড়াই কার্যক্রমের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পেরে মিলটি গত মৌসুমে প্রায় আট কোটি টাকা লোকসান দেয়। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারেছ আলী বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রায় শতভাগ ঋণ আদায় এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আখ মাড়াই করা হয়েছে। কিন্তু চিনি আহরণের হার লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা ৬ দশমিক ৩২ ভাগ কম এবং চিনির উৎপাদনমূল্য বিক্রয়মূল্যের চেয়ে বেশি হওয়ায় মিলটিতে এ মৌসুমে প্রায় ১০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে।