
নাটোরের গুরুদাসপুর উপজেলার হাঁড়িভাঙ্গা বিল খনন করে পুকুর করা হচ্ছে। নির্বিচারে পুকুর খনন করায় বিলের তিন ফসলি কৃষিজমি কমে যাচ্ছে। নষ্ট হচ্ছে বিলের জীববৈচিত্র্যও।
বিলে পুকুর খনন বন্ধের দাবিতে স্থানীয় জমির শতাধিক মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জমির মালিকদের পক্ষে নিউটন ইসলাম নামের এক কৃষক ২ ফেব্রুয়ারি এ অভিযোগ দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম বলেন, ৩১২ একর আয়তনের হাঁড়িভাঙ্গা বিল এলাকায় বোরো ৫২০ মেট্রিক টন, রোপা আমন ১১২ মেট্রিক টন ও বোনা আমন ১৭৫ মেট্রিক টন আবাদ হয়। বর্ষাকালে বিলটি পানিতে তলিয়ে গেলেও সেখানে বোনা আমন ও অপেক্ষাকৃত উঁচু জায়গায় রোপা আমনের আবাদ করা হয়। বিলের জলে জন্মে দেশীয় নানা প্রজাতির মাছ। এসব মাছ ধরে জীবিকা নির্বাহ করে অনেকে। মাছের জন্য নানা প্রজাতির পাখি বিল এলাকায় বিচরণ করে। তবে নিয়মনীতি উপেক্ষা করে এভাবে বিল এলাকায় পুকুর খনন করা হলে আবাদি জমি কমে যাবে। তৈরি হবে স্থায়ী জলাবদ্ধতা। বিপন্ন হবে জীববৈচিত্র্যও। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান কৃষি কর্মকর্তা।
হাঁড়িভাঙ্গা বিলে জমি আছে এমন অন্তত ১৫ জন কৃষক বলেন, বিল এলাকায় কমপক্ষে ২০টি পুকুর খনন করা হয়েছে। আরও ১০টি পুকুর খননের কাজ চলছে। এর মধ্যে ফিরোজ হোসেন তালুকদারের ১৪ বিঘা ও ছয় বিঘা আয়তনের দুটি, নজরুল ইসলামের ১২ বিঘা, ফজলুর রহমানের ১২ বিঘা, মিজানুর রহমান তালুকদারের ১০ বিঘা জমির পুরোটায় পুকুর করা হচ্ছে। অন্য প্রভাবশালী জমির মালিকেরাও পুকুর খনন করে মাছ চাষ করছেন।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিলে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঘেঁষে ফিরোজ হোসেন বিশাল দুই পুকুরের খননকাজ করছেন। খননযন্ত্র দিয়ে এসব পুকুর খনন করা হচ্ছে। ১৪ বিঘা আয়নের পুকুরটির খননকাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে খননযন্ত্রের চালক ফরিদ উদ্দিন বলেন, দুটি পুকুর খননের জন্য তাঁরা ১০ লাখ টাকায় চুক্তি করেছেন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তাঁরা খননকাজ করছেন। কাজ শেষ হতে আরও তিন সপ্তাহ লাগতে পারে।
পুকুরমালিক মিজানুর রহমান, ফিরোজ হোসেন ও ফজলুর রহমান বলেন, এখন ধান চাষ করে আর তেমন লাভ হচ্ছে না। আরও বেশি লাভের জন্য তাঁরা পুকুর খনন করে মাছ চাষের উদ্যোগ নিচ্ছেন। তবে কৃষিজমিতে পুকুর খনন করা যাবে না এমন নীতিমালা তাঁদের জানা নেই।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, কৃষিজমিতে পুকুর খননের সুযোগ নেই। কেউ পুকুর করতে চাইলে জেলা প্রশাসনের কাছে আবেদন করে জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। কিন্তু হাঁড়িভাঙ্গা বিলে পুকুর খননকারীরা সেই নিয়ম অনুসরণ করেননি। তিনি কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি পুকুর খনন বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, কৃষিজমিতে পুকুর খনন বন্ধে দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হচ্ছে। এরপরও কেউ পুকুর খনন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।