বেশি লাভের আশায় আগেভাগেই আলু তুলছেন কৃষকেরা
বাজারে আলুর চাহিদার পাশাপাশি দামও বেশ চড়া। তাই ঠাকুরগাঁওয়ের চাষিরা আলু বড় হওয়ার আগেই তা খেত থেকে তুলতে শুরু করেছেন।
জেলার কয়েকজন আলুচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রানুলা জাতের আলু জমিতে রোপণের পর তা বড় হতে ৬৫ থেকে ৭০ দিন সময় লাগে। আর পাকড়ি জাতের আলুর লাগে ৮০ থেকে ৯০ দিন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ আলুগুলো পরিপুষ্ট হবে। কিন্তু এখন বাজারে আলুর দাম ভালো থাকায় কৃষকেরা তা আগেভাগেই খেত থেকে তুলে বিক্রি করে দিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আলুচাষি হায়দার আলী (৫৭) বলেন, এ বছর সেপ্টেম্বরে টানা বৃষ্টি শুরু হয়। এতে খেতে রোপণ করা আলুবীজ নষ্ট হয়ে যায়। পরে কৃষকেরা খেতে আবার বীজ লাগান। ফলে বাজারে আগাম আলু উঠতে দেরি হচ্ছে। তাই এখন আলুর চাহিদা বেশি। আলু পরিপুষ্ট হওয়ার আগেই এ সুযোগে কৃষকেরা তা বাজারে বিক্রি করতে শুরু করেছেন। এতে তাঁরা বেশ ভালো লাভ পাচ্ছেন।
সদর উপজেলার ভেলাজান গ্রামের রজত রায় (৪৫) বলেন, তিনি এক বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেছেন। ৪৫ দিন পর খেতের আলু আগাম তুলে ফেলেছেন। ফলন পেয়েছেন ২৫ মণ। গত শনিবার এ আলু তিনি ২ হাজার টাকা মণ দরে বিক্রি করে ৫০ হাজার টাকা পেয়েছেন। আর আলু চাষে তাঁর সব মিলে খরচ হয়েছে ২৮ হাজার টাকা।
একই গ্রামের চাষি আফসার আলী (৫৪) বলেন, এখন আলুর বাজার খুব ভালো। পরে দাম কমে যেতে পারে এ আশঙ্কায় আগেভাগে আলু তুলে বিক্রি করে দিয়েছেন।
জেলার সবজি আড়ত, কালিবাড়ি বাজার এবং ঠাকুরগাঁও রোড বাজারের কাঁচামাল দোকানিরা বলেন, চলতি মৌসুমের আগাম আলু বাজারে উঠেছে। প্রতি কেজি গ্রানুলা জাতের আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর প্রতি কেজি পাকড়ি জাতের আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. আরশেদ আলী বলেন, জেলার অনেক কৃষক আগাম আলু চাষ করেছিলেন। যা আরও আগে বাজারে ওঠার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেতের আলুর ক্ষতি হয়। নতুন করে লাগানো আলু উঠতে দেরি হওয়ায় বাজারে আলুর দামে প্রভাব পড়েছে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই আলু তুলে বাজারে বিক্রি করছেন কৃষকেরা। এতে তাঁরা ভালো লাভ পাচ্ছেন।