টাঙ্গাইল বন বিভাগ তাদের ১২৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে মাত্র ১৫টি ব্যবহার করতে পারছে। বাকি আগ্নেয়াস্ত্র জমা পড়ে আছে পুলিশ লাইন ও থানার অস্ত্রাগারে। এতে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের তদারকি ও বনজসম্পদ রক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রশিক্ষিত জনবলের অভাব, অস্ত্র রাখার নিরাপদ জায়গা না থাকা ও অকেজো অস্ত্র মেরামত না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
টাঙ্গাইল জেলা বন বিভাগ সূত্র জানায়, জেলার চারটি উপজেলা—মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে মোট ১ লাখ ২২ হাজার একর বনভূমি রয়েছে। এই বিশাল এলাকার বনজসম্পদ ও ভূমি রক্ষার জন্য বনরক্ষী ও বন কর্মকর্তারা নিয়মিত টহল দেন। যথাযথভাবে টহল দেওয়ার জন্য বন বিভাগের ১২৬টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে ১৬টি চায়নিজ রাইফেল, ২০টি এসএলআর, ৬৭টি থ্রি নট থ্রি রাইফেল ও ২৩টি বন্দুক। কিন্তু এত অস্ত্রের মধ্যে মাত্র আটটি চায়নিজ রাইফেল, ছয়টি থ্রি নট থ্রি রাইফেল ও একটি বন্দুক বন বিভাগ ব্যবহার করতে পারছে।
বন বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, আগ্নেয়াস্ত্র চালানোর মতো প্রশিক্ষিত বনরক্ষীর অভাব রয়েছে। বেশির ভাগ বিট কার্যালয় প্রত্যন্ত এলাকায় অবস্থিত ও জরাজীর্ণ। এসব কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিরাপদে রাখার ব্যবস্থা নেই। মাঠপর্যায়ে কর্মরত একাধিক বনরক্ষী বলেন, অস্ত্র সঙ্গে না থাকায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। অস্ত্র ছাড়া দস্যুদের বাধা দিতে গেলে পাল্টা আক্রমণের শিকার হতে হয়। বড় ধরনের কোনো দখল বা দস্যুতার ঘটনা ঘটলে অস্ত্রের অভাবে বনরক্ষীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন না।