বেশির ভাগ আন্তনগর ট্রেন সময় মেনে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনের বেশির ভাগই এখন সময় মেনে চলছে। দূরের গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোও এখন আর দেরি করছে না। এক মাসের ব্যবধানে রেলের পূর্বাঞ্চলে সময়সূচি মেনে চলার হার আট শতাংশ বৃদ্ধি পেয়েছে। পশ্চিমাঞ্চলে সময় মেনে আন্তনগর ট্রেন চলার হার বেড়েছে সাত শতাংশ। রেলওয়ের নথিপত্র এবং সরেজমিন পরিদর্শন থেকে এসব তথ্য জানা গেছে।এ মাসে রেলের পূর্বাঞ্চলে ৭৫ শতাংশ এবং পশ্চিমাঞ্চলে ৯১ শতাংশ আন্তনগর ট্রেন সময়মতো চলেছে। ফেব্রুয়ারি মাসে আন্তনগর ট্রেনের সময়সূচি মানার হার পূর্বাঞ্চলে ছিল ৬৭ শতাংশ এবং পশ্চিমাঞ্চলে ৮৪ শতাংশ।আগামী ১ এপ্রিল থেকে রেলের নতুন সময়সূচি কার্যকর হলে সময়সূচি মেনে ট্রেন চলার হার আরও বাড়বে বলে রেলওয়ের কর্মকর্তারা দাবি করেছেন। পূর্বাঞ্চল: প্রাপ্ত তথ্যে দেখা গেছে, পূর্বাঞ্চলে চলতি মার্চ মাসের ১ থেকে ২৯ তারিখ পর্যন্ত গড়ে ৭৫ শতাংশ আন্তনগর ট্রেন সময়মতো ছেড়েছে। ফেব্রুয়ারি মাসে ৬৭ শতাংশ আন্তনগর ট্রেন সূচি মেনে চলেছিল। দেশের একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চলতি মাসের ২৫ দিনের (সাপ্তাহিক বন্ধ চার দিন) মধ্যে ২৪ দিনই সূচি মেনে চলেছে। মেইল, কমিউটার ও লোকাল ট্রেনও সময়সূচি মানার ক্ষেত্রে উন্নতি করেছে। রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ের এক থেকে ২৫ মিনিট পর্যন্ত দেরিতে ছাড়লে কিংবা গন্তব্যে পৌঁছলে সূচি মেনে চলা হয়েছে বলে ধরা হয়। ৩০ মিনিট বা এর বেশি ব্যবধান হলে সময়সূচি ভাঙা ধরা হয়।আগামী ডিসেম্বরে রেলের বহরে আরও ১১টি নতুন ইঞ্জিন ও ৬০টি নতুন কোচ যুক্ত হওয়ার কথা। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, নতুন ইঞ্জিন-কোচ এলে সময়মতো ট্রেন চলাচলের হার আরও বেড়ে যাবে। রেলের কর্মকর্তারা বলেন, ইঞ্জিন-কোচের সংকট ও লোকবলের অভাবের পাশাপাশি লাইনে ত্রুটি, ট্রেন থামিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি, অপ্রয়োজনীয় স্টেশনে যাত্রাবিরতি, চোরাকারবারিদের চেইন টানা ইত্যাদি কারণে ট্রেন সময় মেনে চলতে পারে না। এসব সমস্যা রোধে ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের তদারকি জোরদার হওয়ায় সময়সূচি মানার হার বেড়েছে। রেলের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক মো. বেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সূচি মেনে ট্রেন চলার হার ৮০ শতাংশের ওপরে ওঠাতে চেষ্টা করে যাচ্ছি। নতুন ইঞ্জিন-কোচ এলে সময়ানুবর্তিতা ও সেবা দুটিই বাড়বে।’তূর্ণা নিশীথা ও সুবর্ণ এক্সপ্রেসের নিয়মিত যাত্রী সংস্কৃতিকর্মী আবির হাসান গত বৃহস্পতিবার চট্টগ্রাম রেলস্টেশনে প্রথম আলোকে বলেন, এ দুটি ট্রেন ইদানীং ঘড়ির কাঁটা ধরে চলাচল করছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যাত্রীদের ভোগান্তি কমবে।রেলের কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম পথে আন্তনগর মহানগর গোধূলী ও প্রভাতী ট্রেন দুটি এখনো কিছুটা দেরিতে ছাড়ছে। বাকিগুলো সূচি মেনে চলছে। গত বুধবার গোধূলী এক ঘণ্টা ২০ মিনিট দেরিতে চট্টগ্রাম পৌঁছায়। এ বিষয়ে প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক মো. বেলালউদ্দিন বলেন, মাদকসহ অবৈধ মালামাল জব্দ করতে র‌্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রায় প্রতিদিন এই দুই ট্রেনে তল্লাশি চালায়। তা ছাড়া প্রতিটি ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। স্টেশনে ওঠানামার জন্য দুই-আড়াই মিনিট বরাদ্দ থাকে। কিন্তু পাঁচ-ছয় মিনিটেও তা শেষ হয় না। পশ্চিমাঞ্চল: ঢাকা-নীলফামারী পথের নীলসাগর ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে ছাড়ার সময় রাত সোয়া ১১টায়। প্রায়ই দেরিতে ছাড়ার অভিজ্ঞতা থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম রব্বানী গত বুধবার সেভাবেই স্টেশনে এসেছিলেন। কিন্তু সাড়ে ১১টায় এসে দেখেন, ট্রেন সময়মতো ছেড়ে দিয়েছে। গোলাম রব্বানী স্টেশনে প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়মিত নীলসাগরে যাই। কোনোদিনই ট্রেনটিকে সময় মেনে চলতে দেখিনি। আজ (বুধবার) অবাক হলাম। ট্রেন ফেল করায় আক্ষেপ থাকলেও তা যে এখন সময়মতো চলছে, এই ভেবে স্বস্তি পেয়েছি।’সরেজমিন পরিদর্শন এবং রেলওয়ের নথি সূত্রে জানা গেছে, চলতি মাসে পশ্চিমাঞ্চলে আন্তনগর ট্রেনের ৯১ শতাংশ এবং মেইল ও লোকাল ট্রেনের ৮৭ শতাংশ সময়মতো ছেড়েছে। গত মাসে ৮৪ শতাংশ আন্তনগর এবং ৭৫ শতাংশ মেইল ও লোকাল ট্রেন সময় মেনে চলেছিল। গত সপ্তাহ খানেকের পরিসংখ্যানে দেখা গেছে, পশ্চিমাঞ্চলে চলা ৩৪টি ট্রেন দু-এক মিনিট হেরফের ছাড়া সময় মেনেই চলেছে। রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সময় মেনে ট্রেন চলা বিরাট সাফল্য। এটা ধরে রাখতে হবে।সৈয়দপুর স্টেশনের সহকারী মাস্টার আলমগীর হোসেন বলেন, বন্ধ হয়ে যাওয়া স্টেশন চালু করা গেলে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে চলাচল করবে। রেলের পশ্চিমাঞ্চলের (পাকশী বিভাগ) বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, সময়মতো ট্রেন চালানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।