কয়লা-সংকটের কারণে নরসিংদীর অধিকাংশ ইটভাটা চালু করতে পারছেন না মালিকেরা। পার্শ্ববর্তী ভারত থেকে কয়লা আমদানি বন্ধ থাকায় এ সংকটের মধ্যে পড়তে হয়েছে তাঁদের। এতে ইট তৈরিতে লোকসান গুনতে হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় ও জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ছয়টি উপজেলায় বৈধ ও অবৈধ ইটভাটার সংখ্যা দুই শতাধিক। এগুলোর মধ্যে ১৭৫টি বৈধ। ওই সব ইটভাটার মধ্যে চালু হয়েছে ২০ থেকে ২৫টি। এ বছর অক্টোবরের শুরুর দিকে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ, বহিরাগত বিনিয়োগকারী ও কয়লা আমদানিকারকের সমন্বয়ে শুরু হয় ইট তৈরির প্রক্রিয়া। কিন্তু এবার আমদানিকারকেরা মানসম্মত ও চাহিদার তুলনায় কয়লা সরবরাহ করতে না পারায় প্রক্রিয়া শুরুর দুই মাসেও বাকি ইটভাটাগুলো চালু করা সম্ভব হয়নি। এতে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে ভাটামালিকদের। এদিকে সঠিক সময়ে ইট না পাওয়ায় কমে যাচ্ছে রড, সিমেন্ট ও বালুর চাহিদা।
রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকার একতা ব্রিকস ফিল্ডের পরিচালক বাবুল মিয়া বলেন, প্রায় ৩০০ শ্রমিকের অগ্রিম বেতন, কাঁচামাল সরবরাহ, কাঁচা ইট তৈরিসহ প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। এখন বাধ্য হয়ে চার হাজার টাকার কয়লা ১৩-১৪ হাজার টাকায় কিনে ভাটা চালাতে হচ্ছে। সে তুলনায় ইটের দাম বাড়াতে পারিনি। প্রতি হাজার ইট তৈরিতে খরচ পড়ছে নয় হাজার ৪০০ টাকা। কিন্তু ইট বিক্রি করতে হচ্ছে সাত হাজার টাকায়।
ভৈরবে কয়লা আমদানি কারক ঢাকা এন্টারপ্রাইজের সহযোগী শাহাবুদ্দিন মিয়া বলেন, গত বছর ভারত থেকে আমদানি করা কয়লা প্রতি টন ছিল সাত থেকে নয় হাজার টাকা।
মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা এলাকার মা ব্রিকস ফিল্ডের মালিক হযরত আলী বলেন, ‘কয়লা না পাওয়ায় এত দিন চালু করতে পারিনি। গত সোমবার প্রতি টন কয়লা ১৭ হাজার টাকা দরে কিনে চালুর প্রক্রিয়া শুরু করেছি। ভাটা চালু করলেও লোকসান, না করলেও লোকসান। কী করব বুঝতে পারছি না।’
ইটভাটার শ্রমিক সরদার আবুল কাশেম বলেন, ‘কাঁচা ইট বানাইয়া বইসা রইছি, পোড়াইতে পারি না কয়লার লাইগা। এহন আমগোর হাজিরা উৎপাদনের ওপর। সারা দিনে এক-দেড় টাকার কাজ হয় না।’
নরসিংদীর নির্মাণশ্রমিক ঠিকাদার খোকন মিয়া বলেন, তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি নির্মাণশ্রমিক সরবরাহের সঙ্গে জড়িত। এ মৌসুমে অনেক কাজের চুক্তি হয়। কিন্তু এ বছর তেমন কোনো কাজ পাচ্ছি না।
হোলসিম সিমেন্টের জেলা সরবরাহকারী ও প্ল্যান ভিউ কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘শুনেছি, কয়লা আমদানি বন্ধ থাকায় ইটের এরূপ ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে না পারলে এর প্রভাব পড়বে জাতীয় অর্থনীতির ওপর।’