বেশির ভাগ উপজেলা পরিষদে ১৪ স্থায়ী কমিটি গঠিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুযায়ী ১৪টি স্থায়ী কমিটি গঠনের কথা থাকলেও কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ১১টিতে তা করা হয়নি। কটিয়াদী ও কুুলিয়ারচরে কমিটি গঠন করা হলেও তা আইনসম্মত হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে, উপজেলার সার্বিক উন্নয়নকাজ স্থবির এবং ভাইস চেয়ারম্যান ও এলাকার সচেতন মহলে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ আইন অনুযায়ী উপজেলায় সার্বিক উন্নয়নের প্রতিটি উপজেলার ১৪টি স্থায়ী কমিটি গঠন করতে হবে। কমিটিগুলো হচ্ছে: আইনশৃঙ্খলা, যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষি ও সেচ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, যুব ও ক্রীড়া উন্নয়ন, মহিলা ও শিশুবিষয়ক, সমাজকল্যাণ, ভূমি, মৎস্য ও পশুসম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায়, তথ্য ও সংস্কৃতি, পরিবেশ ও বন এবং বাজারমূল্য পর্যবেক্ষণ মনিটরিং ও নিয়ন্ত্রণ। ১৪টির মধ্যে সাতটির সভাপতি হবেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাতটির সভাপতি হবেন ভাইস চেয়ারম্যান। সদস্যসচিব হবেন উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) অশোক মাধব রায় স্বাক্ষরিত এক চিঠি গত ২৩ জুন দেশের সব উপজেলায় পাঠানো হয়। এতে বলা হয়, ১৪টি স্থায়ী কমিটি গঠন করার সুনির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও অনেক উপজেলা পরিষদ তা করেনি। এ অবস্থায় ২০১১-১২ অর্থবছরে এডিবির বরাদ্দ যথাসময়ে প্রাপ্তির লক্ষ্যে ১৫ জুলাইয়ের মধ্যে সব স্থায়ী কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু এর পরও অধিকাংশ উপজেলা পরিষদ কমিটি গঠন করতে পারেনি। গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে আরও একটি চিঠি দিয়ে কমিটি গঠন করতে বলা হয়। ১২ অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার বিভাগে কমিটির তালিকা প্রেরণের জন্য অনুরোধ করা হয়। এর পরও অধিকাংশ উপজেলায় কমিটি গঠন করা হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জের ১৩ উপজেলার মধ্যে ১১টিতে কমিটি গঠন করা হয়নি। উপজেলাগুলো হলো কিশোরগঞ্জ সদর, তাড়াইল, হোসেনপুর, নিকলী, ইটনা, পাকুন্দিয়া, করিমগঞ্জ, অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব ও মিঠামইন। কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলায় কমিটি গঠন করা হলেও ভাইস চেয়ারম্যানরা ১৪টি কমিটির সভাপতি হতে পারেননি। ফলে, উপজেলা পরিষদ আইন এ ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ হয়নি।অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেলী আক্তার, ভৈরবের মনোয়ারা বেগম. নিকলীর হাফিজা খাতুন জানান, ভাইস চেয়ারম্যানকে কমিটির সভাপতি করার নির্দেশ থাকায় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থায়ী কমিটি গঠনের উৎসাহ বোধ করেন না। ফলে, দীর্ঘদিন ধরে কমিটিগুলো গঠনের দাবি জানিয়ে এলেও চেয়ারম্যান ও ইউএনওরা তা করছেন না।কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই জানান, আইনশৃঙ্খলা, যোগাযোগ ও ভৌত অবকাঠামো, বাজারমূল্য পর্যবেক্ষণ মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ইউএনও নিজেই। সরকারের এক প্রজ্ঞাপনে তাঁদের সভাপতি করা হয়। এখন ১৪টি কমিটি গঠন করা হলে তাঁরা বাদ পড়বেন। এতে তাঁদের সঙ্গে একটি সাংঘর্ষিক পরিবেশের সৃষ্টি হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পর কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হবে।সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহারসহ একাধিক মহিলা ভাইস চেয়ারম্যান জানান, কমিটি গঠন না করার বিষয়ে চেয়ারম্যান ও উপজেলা ইউএনওরা সরাসরি দায়ী। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে তাঁরা আশা করেন। কারণ, উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এতে বাধাগ্রস্ত হচ্ছে।ঢাকা বিভাগীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ফয়েজুর রহমান ফকির জানান, চেয়ারম্যান হিসেবে কমিটিগুলো যথাসময়ে গঠন না করা অনৈতিক ও দায়িত্বহীন। যেসব উপজেলায় কমিটি গঠন করা হয়নি, তারা অবিলম্বে কমিটি গঠন করে তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠাবেন বলে তিনি আশা করেন।