বেশির ভাগ কেন্দ্রেই বিএনপি প্রার্থীর এজেন্ট নেই
ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর ও আদাবরে সংঘর্ষ, উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে। অধিকাংশ কেন্দ্রেই বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। সংবাদকর্মীদের সঙ্গে পুলিশের বাড়াবাড়ি, কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
মোহাম্মদপুর ও আদাবরের ৩০টি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই সরকারি দল-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের দাপটে অন্যরা ছিলেন অনেকটা কোণঠাসা। তবে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উত্তেজনা ছিল দিনভর।
সকাল থেকে মোহাম্মদপুর ও আদাবর এলাকার বেশির ভাগ কেন্দ্রেই বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের কোনো এজেন্টকে পাওয়া যায়নি।
দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, সরকারি দল-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট নেই। প্রিসাইডিং কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, সকাল থেকেই অন্য কোনো প্রার্থীর এজেন্ট কেন্দ্রে আসেননি।
গণমাধ্যমকর্মীদের পুলিশের বাধা: সকালে কিশলয় স্কুল কেন্দ্রে ঢোকা এবং ছবি তুলতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন গণমাধ্যমকর্মীরা। কেন বাধা দেওয়া হচ্ছে, জানতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশের পরিদর্শক গোলাম কবির সাংবাদিকদের বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এটা করা হচ্ছে।
এলাকার ৩০টি কেন্দ্রে একই অবস্থা দেখা গেল। শেরেবাংলা নগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের কী নির্দেশনা, আমার জানা নেই।’
আদাবরে সংঘর্ষ: বেলা সোয়া তিনটার দিকে ৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আরিফুর রহমান ও বিএনপি-সমর্থিত আবুল হাশেম হাসুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আবুল হাশেম দলের সমর্থন না পেয়ে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করেছেন।
কয়েকটি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষই কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পাল্টাপাল্টি ধাওয়া চলে।
সেন্টুর অভিযোগ: ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু দুপুরে ভোট কারচুপির অভিযোগ তোলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। তাঁর দাবি, মোহাম্মদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরকারি দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ খান বাবুলের লোকজন প্রশাসনের সহায়তায় কেন্দ্রে ঢুকে জাল ভোট দিচ্ছে।
ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে হামলা চালায় সেন্টুর লোকজন। র্যাব ও বিজিবির সদস্যরা তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
শালা-দুলাভাইয়ের লড়াইয়ে দিনভর উত্তেজনা: ২৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী সলিমুল্লাহ সলু ও নুরুল ইসলাম রতনের কর্মীদের মধ্যে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি আর ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে ম্লান হয়ে গেছে মেয়র প্রার্থীদের লড়াই। নুরুল ইসলাম রতন সম্পর্কে সলুর বড় বোনের স্বামী। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হলেও দলের সমর্থন পেয়েছেন সলু।