বেশির ভাগ ক্ষেত্রে নারীর কাজের মূল্যায়ন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিক্ষেত্রের ৬০ শতাংশ ও ধান উৎপাদনের মোট ২৩টি কাজের ১৭টি কাজের সঙ্গে নারী সরাসরি যুক্ত। অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে। তবুও নারী মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারছে না। কারণ হিসাবে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই নারীর কাজের মূল্যায়ন হয় না।
আজ সোমবার ‘নারীর মজুরিবিহীন শ্রম: মূল্যায়ন ও স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথাগুলো বলেন বক্তারা। মানুষের জন্য, ইউকে এইড ও মাত্রা’র সহযোগিতায় নিজ কার্যালয়ে এর আয়োজন করে দৈনিক ইত্তেফাক।
বৈঠকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, গবেষণায় দেখা গেছে, কর্মজীবী নারীদের সন্তানেরা পড়াশোনায় ভালো করে, সুস্বাস্থ্যের অধিকারী হয়। কারণ, জীবন সম্পর্কে কর্মজীবী নারীদের স্পষ্ট বাস্তবজ্ঞান। ঘরের কাজের অর্থনৈতিক মূল্যায়ন করা কঠিন উল্লেখ করে তিনি আরও বলেন, ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে, এর মর্যাদা দিতে হবে। পাশাপাশি, ঘরের পরিবেশকে আরও বেশি নারীবান্ধব করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের সমাজের মূলধারায় আনতে না পারলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে ২৫ জন নারী কর্মী থাকলে দিবা-যত্ন কেন্দ্র থাকতে হবে। এতে প্রাতিষ্ঠানিকভাবে সন্তান পালন নারীর কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও তারা বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছে। নারীর অবদান, কাজের সঠিক মূল্যায়ন হলে নারীর মর্যাদা বাড়ার পাশাপাশি সহিংসতা কমবে। নারীর কাজের অর্থনৈতিক মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত করতে না পারলেও এর স্বীকৃতি অবশ্যই থাকতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। এতে বিভিন্ন সংগঠনের নারীনেত্রী, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অভিনয়শিল্পী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।