ঝালকাঠি পৌরসভার অধিকাংশ নালাই (ড্রেন) উন্মুক্ত। এ কারণে পৌরসভার বাসিন্দারা দুর্গন্ধে নাকাল। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায়ই নালায় পড়ে আহত হয়।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি পৌর এলাকায় ৩৩ কিলোমিটার নালা আছে। এর মধ্যে পাকা নালা (আরসিসি) ১০ কিলোমিটার, ইটের তৈরি সাড়ে পাঁচ কিলোমিটার, নির্মাণাধীন রয়েছে সাড়ে চার কিলোমিটার ও কাঁচা নালা রয়েছে ১৩ কিলোমিটার।
সম্প্রতি পৌর এলাকা ঘুরে দেখা যায়, শহরের কলেজ রোড, রোনালসে রোড, স্টেশন রোড, ফকির বাড়ি, পূর্ব কাঠপট্টি, মসজিদ বাড়ি, বাকলাই বাড়ি, টিঅ্যান্ডটি রোড, কামার পট্টি, কোর্ট রোড, পুরাতন কলেজ রোড, কবিরাজ বাড়ি, বিকনা, পূর্ব চাঁদকাঠি, পশ্চিম চাঁদকাঠি, আমতলা এলাকাসহ বেশ কিছু স্থানে সড়কের পাশের নালা উন্মুক্ত। সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সুগন্ধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কয়েকটি কিন্ডার গার্টেনসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে নালার ঢাকনা নেই। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের সামনের সড়কেও নালার ঢাকনা নেই।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘ড্রেনের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমাদের নিজস্ব তহবিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ঢাকনা দেওয়ার ব্যাপারে পরবর্তী সময়ে আলোচনা করব।’