রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটিতে সহসভাপতি পদধারী নেতা আছেন ৩৮ জন। তাঁদের ২৮ জনই ক্যাম্পাস ছেড়ে গেছেন। বাকি ১০ জনের মধ্যে ৫ জন সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশ নেন, ৪ জন অনিয়মিত, ১ জন পালন করছেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব।
শুধু সহসভাপতিদের ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চলমান কমিটির সব পদের ক্ষেত্রেই এমন অবস্থা বিরাজ করছে। ২০১৩ সালের ২০ জুলাই সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়। সে সময় দুই বছর মেয়াদি কমিটি করা হয়। তিন বছর পেরিয়ে গেলেও এরপর আর সম্মেলন হয়নি, কমিটিও হয়নি।
ক্যাম্পাসে বর্তমানে সক্রিয় নেতারা বলছেন, দেশের এই পরিস্থিতিতে দলীয় কর্মসূচি করতে গিয়ে পদধারী নেতাদের পাওয়া যায় না। শুধু কর্মী দিয়ে আর কী রাজনীতি হয়। তাই ছাত্রলীগকে শক্তিশালী করতে সম্মেলনের দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্র জানায়, ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় এস এম তৌহিদ আল হোসেনকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান খালিদ হাসান। চলতি বছরের ১৬ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সহসভাপতি রাশেদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১০ জন নেতা। তাঁদের ১ জন পালন করছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ। বাকি ৯ জনের ৬ জনই ক্যাম্পাস ছেড়ে গেছেন, ৩ জন ক্যাম্পাসে সক্রিয়ভাবে রাজনীতি করছেন। ৮ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৪ জন আর ক্যাম্পাসে থাকেন না, বাকি ৪ জন ক্যাম্পাসে রাজনীতি করছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, কমিটিতে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক পদে ৬০ জন নেতার নাম রয়েছে। তাঁদের মধ্যে ১১ থেকে ১৩ জন সক্রিয়ভাবে রাজনীতি করছেন। ১০ জন ক্যাম্পাসে থাকলেও সক্রিয়ভাবে রাজনীতি করেন না। কেউ কেউ মাঝেমধ্যে আসেন। কেউ কেউ একেবারেই আসেন না। কমিটির প্রায় ১৭ জন সম্পাদক পদধারী নেতা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। ২০ থেকে ২২ জন নেতার সম্পর্কে খোঁজ পাওয়া যায়নি। বর্তমান কমিটিতে সক্রিয় ৪ জন নেতা ওই ২০ থেকে ২২ জনকে চেনেন না বা কোনো দিন কর্মসূচিতে দেখেননি বলে জানিয়েছেন। কমিটিতে নাম থাকা ২০ জন সহসম্পাদক এবং ৩০ জন সদস্যের মধ্যে প্রায় ১৫ জন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বাকি সদস্যদের কর্মসূচিতে দেখা পাওয়া যায় না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত সংগঠনের বর্ধিত সভায় মাত্র ৫০ জনের মতো পদধারী নেতা উপস্থিত হয়েছিলেন। তবে বিভিন্ন কর্মসূচিতে গড়ে ১৫ থেকে ২০ জন পদধারী নেতা উপস্থিত থাকেন। বাকি সবাই কর্মী। এর আগে গত ২৪ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে আর তা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ৩ জন ছাত্রলীগ নেতা বলেন, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চলে গেছেন। ভারপ্রাপ্ত হয়ে আছেন ২ জন। বেশির ভাগ নেতাও চলে গেছেন। ক্যাম্পাসে পড়াশোনা শেষ হলে নেতারা চলে যাবেন, সেটাই স্বাভাবিক। এ জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সম্মেলন হওয়া প্রয়োজন। না হলে অনেক ত্যাগী কর্মী পদ না পেয়েই ক্যাম্পাস ছেড়ে যান। কেউ আবার শিক্ষাজীবনের শেষ সময়ে এসে পদ পেয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান। নিয়মিত সম্মেলন হলে যেমন নতুন নেতৃত্ব তৈরি হয়, তেমনি সংগঠন থাকে শক্তিশালী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘জ্যেষ্ঠ নেতারা ক্যাম্পাসে থাকলে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ হয়। যাঁরা চলে গেছেন তাঁদের দোষ দিয়ে লাভ নেই। পড়াশোনা শেষ হলে চলে যাবেনই। তবে সংগঠন ভালোভাবেই চলছে। কেন্দ্রীয় নেতারা যদি মনে করেন নতুন নেতৃত্ব প্রয়োজন, তবে সম্মেলন দিতে পারেন। যদি মনে করেন যাঁরা নেতৃত্বে আছেন তাঁদের দিয়ে ভালো চলছে, তবে কমিটি পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত।’
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের মুঠোফোনে গতকাল শনিবার একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।