বেশির ভাগ নেতাই অছাত্র-ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আজিম ওরফে কনক বিয়ে করেছেন পাঁচ-ছয় বছর আগে। তাঁর সন্তানের বয়স প্রায় চার বছর। সাধারণ সম্পাদক এম এ মঞ্জুরও এক পুত্রসন্তানের জনক। তাঁদের মতোই বিয়ে করে সংসার করছেন ওই কমিটির সহসভাপতি মাহমুদুর রহমান, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, মোর্শেদুল ইসলাম, পেল্টু দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ, স্বপন বড়ুয়া, মাহবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, নজরুল ইসলাম, মো. মহসীন, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিনসহ অন্তত ৩২ জন নেতা। ১০১ সদস্যবিশিষ্ট কমিটির আরও অন্তত ৪০ জন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। যুগ্ম সম্পাদক কায়সারুল হক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দপ্তর সম্পাদক শাহাদত হোসেন, মো. শওকত, মাহমুদুর রহমান, নুরুল হক ও কামরুজ্জান ভুট্টো জেলা যুবলীগে, নজরুল ইসলাম, মো. মহসিন শহর আওয়ামী লীগে যুক্ত হয়ে পড়েছেন। ফলে নেতৃত্বশূন্যতার পাশাপাশি জেলা ছাত্রলীগের কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ২০০৩ সালের ৩১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে দুই বছর মেয়াদের এই কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার চার বছরের বেশি সময় পরও নতুন কমিটি হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রনেতা জানান, ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনেক নেতা ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসায় ব্যস্ত। অথচ তাঁরা নেতৃত্ব ধরে রেখেছেন। ফলে সংগঠনে চলছে স্থবিরতা। কোন্দল আর দলাদলিতে জড়িয়ে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। গত মার্চে নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মানা হয়নি। সর্বশেষ গত ২৩ মে ছাত্রলীগের বর্ধিত সভায় ৩১ মে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়। কিন্তু তাও হয়নি। ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা ওবায়েদ জানান, গঠনতন্ত্র অনুযায়ী বয়সসীমা ২৯ ও ছাত্রত্ব আছে এমন নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তির নির্দেশ আছে। কিন্তু বর্তমান কমিটির ৫০ জনের বয়স ৩৫ থেকে ৪২ পর্যন্ত। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর জানান, ১০১ সদস্যের কমিটিতে বর্তমানে তিনিসহ ৯০ জনের ছাত্রত্ব নেই। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এখন নতুন কমিটির জন্য নাম সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩০ জুনের আগে সম্মেলন হবে। সভাপতি নুরুল আজিম জানান, যথাসময়ে সম্মেলন করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে একাধিকবার আবেদন করা হয়েছিল। কিন্তু সাড়া পাওয়া যায়নি। এখন তাঁদের ওপর দোষ চাপানো হচ্ছে। ছাত্রত্ব আছে এমন নেতা-কর্মীদের হাতে নেতৃত্ব দিয়ে বিদায় নিতে চান বলে মন্তব্য করেন তিনি।