রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ডে থাকা রোগীদের প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করাতে বলা হয়। চিকিৎসকদের একাধিকবার সতর্ক করার পরও কর্তৃপক্ষ রোগীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাচ্ছে বলে জানা গেছে।
গত ৩০ অক্টোবর হাসপাতালের বহির্বিভাগে সুজন আলী নামের এক রোগী জানান, চিকিৎসক তাঁকে ইএসআর, রক্তের কয়েকটি পরীক্ষা ও এক্স-রে করাতে বলেন। চিকিৎসক একটি কাগজে মুঠোফোন নম্বর লিখে দিয়ে পরীক্ষার জন্য যোগাযোগ করতে বলেন।
সুজন বলেন, তিনি ভেবেছিলেন, চিকিৎসক তাঁর সুবিধার জন্য হাসপাতালের কারও নম্বর দিয়েছেন। কিন্তু ওই নম্বরে ফোন করে দেখেন, সেটা একটা বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের নম্বর। হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা থাকলেও তাঁকে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাজু আহাম্মেদ নামের অপর এক রোগী বলেন, তিনি ২৩ অক্টোবর হাসপাতালের বহির্বিভাগের একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। তিনি ইসিজি করার জন্য হাসপাতালের ৪৬ নম্বর কাউন্টারে পাঠালে সেখানে ইসিজি হবে না বলে তাঁকে জানানো হয়। পরে আবার চিকিৎসকের কাছে ফিরে গেলে তিনি ইসিজির সঙ্গে এক্স-রে ও রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা লিখে দিয়ে হাসপাতালের বাইরের একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে পাঠান। ৭৫০ টাকায় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ওষুধের লম্বা ব্যবস্থাপত্র ধরিয়ে দেওয়া হয়।
হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা জানান, হাসপাতালের বাইরে সিটি স্ক্যান করাতে গেলে রোগীদের ঝুঁকি অনেক বেশি থাকে। হাসপাতালে ব্যবস্থা না থাকায় তাঁদের বাইরে পরীক্ষা করাতে হয়। এতে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে।
অভিযোগ রয়েছে, চিকিৎসকেরা বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে প্রতিটি পরীক্ষার জন্য কমিশন পান। এ জন্য তাঁদের পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের বাইরে পাঠানো হয়। এসব ক্ষেত্রে রোগীদের দিয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করানো হয়।
হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালের চারটি এক্স-রে যন্ত্রের দুটিই অকেজো। আর এনালগ হওয়ায় ভালো ছবি পাওয়া যায় না। অনেক চিকিৎসক নিখুঁত ছবির জন্য বাইরে এক্স-রে করাতে বলেন। আর সিটি স্ক্যান যন্ত্রটি দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আলট্রাসনোগ্রাম যন্ত্রটিও বেশ পুরোনো। তবে ইসিজি ও এমআরআই হাসপাতালেই করানো হয়।
রাজশাহী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, হাসপাতালে কর্মরত কয়েকজন চিকিৎসক ক্লিনিক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরাই এ ধরনের কাজ করে থাকেন।
হাসপাতালের পরিচালক সাইদুর রহমান বলেন, হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, জরুরি বিভাগের চিকিৎসক ও সিএ রেজিস্ট্রার তাঁর অধীনে রয়েছেন। এই অভিযোগে তিনি তাঁদের কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন। অনেককে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু অধ্যাপকদের তিনি কিছু বলতে পারেন না। কারণ, তাঁরা মেডিকেল কলেজের অধ্যক্ষের অধীনে রয়েছেন। তাঁরাও একই ধরনের কাজ করেন বলে জানান তিনি।