>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

শরীয়তপুর পৌরসভার পালং এলাকার বাসিন্দা পলাশ লোধ রায়। স্থানীয় বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক তিনি। মোটরসাইকেলে করে ভাঙাচোরা পালং-কানার বাজার সড়ক দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যান তিনি। এর আগে পালং-বালাখানা সড়ক হয়ে স্কুলশিক্ষক স্ত্রী দীপা দেবনাথকে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে হয়। শেষমেশ যখন নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছান, তখন শরীরের অবস্থা কাহিল।
পলাশ লোধ রায় ক্ষোভের সঙ্গে বললেন, ‘আমরা নিয়মিত পৌরকর পরিশোধ করি। কিন্তু পৌর কর্তৃপক্ষ নাগরিকদের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একেবারে উদাসীন।’
শরীয়তপুর পৌরসভার বেশির ভাগ পাকা সড়কই বেহাল। খানাখন্দ ও গর্তে ভরা এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত নাগরিকদের দুর্ভোগে পড়তে হচ্ছে, বাড়ছে ক্ষোভ।
জানতে চাইলে শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীকান্ত হালদার প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার যা আয় হয়, তা দিয়ে সড়ক সংস্কার করা যাচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থের ওপর আমাদের নির্ভর করতে হয়। এই মুহূর্তে তাদের কাছ থেকে কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বরাদ্দ পাওয়ার চেষ্টা চালাচ্ছি।’
পৌরসভা সূত্র জানায়, ২৫ বর্গকিলোমিটারের শরীয়তপুর পৌরসভার যাত্রা শুরু ১৯৮৫ সালে। ২০০৫ সালে এটি প্রথম শ্রেণির মর্যাদা পায়। জনসংখ্যা ৬০ হাজার। পৌর এলাকায় পাকা সড়ক রয়েছে ৪৫ কিলোমিটার। এর মধ্যে ২৭ কিলোমিটার বেহাল। এর বাইরে ৪৬ কিলোমিটার ইট বিছানো ও ৬০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে।
৭, ৮ ও ৯ নভেম্বর পালং-প্রেমতলা, পালং-বিলাশখান, ব্যাপারীপাড়া-স্বর্ণঘোষ-রাজগঞ্জ, পাকার মাথা-আটং, পাকার মাথা-হুগলিসহ পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কই বেহাল। পালং উচ্চবিদ্যালয়ের সামনে থেকে কানার বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য তিন কিলোমিটার। ভেদরগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। পুরো সড়কটি এখন খানাখন্দ ও ছোট-বড় গর্তে ভরা। বিটুমিন উঠে ইট ও মাটি বের হয়ে গেছে। তা এড়িয়ে ঝুঁকি নিয়ে রাস্তার পাশ দিয়ে চলছে যানবাহন।
পিকআপ ভ্যানের চালক হাতেম আলী বলেন, প্রতিদিন পৌরসভার বিভিন্ন সড়ক দিয়ে তাঁকে চলাচল করতে হয়। সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। ফলে শরীরে ব্যথা হয়ে যায়। গাড়িরও ক্ষতি হয়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।
রিকশাচালক হাফিজুর রহমান বলেন, বছরের পর বছর সড়কগুলো খারাপ অবস্থায় রয়েছে। এরপরও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল প্রথম আলোকে বলেন, ‘পৌর এলাকার উন্নয়ন নিয়ে আমিও সন্তুষ্ট নই। ছয় মাস আগে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি। সড়ক সংস্কার করতে ৩৭ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব স্থানীয় সাংসদের মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দিয়েছি। প্রকল্পটি অনুমোদন পেলে পৌরবাসীকে আর কষ্ট করতে হবে না।’