সুবর্ণার বয়স ১২ বছর। এক বছর বিদ্যালয়ে আসা-যাওয়া করেছে সে। এরই মধ্যে ৬ বছর পেরিয়ে গেছে। কিন্তু সে আর বিদ্যালয়ে যাচ্ছে না। ছোট দুই ভাই বরকতুল (৮) ও তরিকুল (৬) কখনো বিদ্যালয়মুখী হয়নি। তারা একই পরিবারের তিন শারীরিক প্রতিবন্ধী শিশু। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বয়স পার হয়ে গেলেও তাদের ভর্তি করানোর লক্ষণ নেই। এই তিন শিশুর বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামে।
প্রতিবন্ধী ওই তিন শিশুর মা মির্জাহান আক্তার (২৪) বলেন, ‘স্কুল তো অনেক দূর। তিইনডার একটাও নিজে হাইট্টা (হেঁটে) স্কুলে যাইতারে না। বড়ডারে (সুবর্ণা) লইয়া এক বছর স্কুলে গেছিলাম। লগের ছাত্ররা নানা কথা কয়। পরে বাড়িতে আইয়া কান্দে। এ কারণে কোনোডারে স্কুলে পাঠাতে সাহস পাই না।’
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শুধু সুবর্ণা নয়, একই গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী সাগর (১০) ও বুদ্ধিপ্রতিবন্ধী রেহমান (১০) বিদ্যালয়ে যাচ্ছে না। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এ পর্যন্ত জরিপের অন্তর্ভুক্ত হয়েছে ৩ হাজার ২০৮ জন প্রতিবন্ধী। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ১ হাজার ২০০।
তবে উপজেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১২০ জন, ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রায় ১০০ জন ও অন্যান্য বেসরকারি স্কুল-কলেজে ১০জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।
প্রতিবন্ধী শিশুশিক্ষা পরিস্থিতি অনুসন্ধানবিষয়ক গবেষক মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের মধ্যে ৬০ শতাংশ একীভূত শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারে। বাকি ৪০ শতাংশের জন্য প্রয়োজন বিশেষায়িত স্কুল। কিন্তু কিশোরগঞ্জ জেলায় হাতে গোনা কয়েকটি বিশেষায়িত স্কুল আর একীভূত শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষক, শিক্ষা উপকরণ ও সচেতনতার অভাবে জেলার অধিকাংশ প্রতিবন্ধী স্কুলগামী নয়।’
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, জেলায় ৩২ হাজার ২৯০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের আওতায় আনা সম্ভব হয়েছে; যার মধ্যে সদর উপজেলায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি (৪,৫৩৪ জন) এবং নিকলী উপজেলায় সবচেয়ে কম (১,০৬৬ জন)।
স্থানীয়ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ‘মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন’-এর মতে, বাজিতপুরে প্রতিবন্ধী মানুষের সংখ্যা হবে ১০ হাজারের অধিক এবং জেলায় দুই লাখের বেশি।
প্রতিবন্ধী শিশুদের শিক্ষার এই অবস্থার মধ্যেও ব্যতিক্রম বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামের মহরম আলী ও ফুলবানু দম্পতির পরিবার। তাঁদের পাঁচ সন্তানই শারীরিক প্রতিবন্ধী। সবাই স্কুল-কলেজে যাচ্ছে।
প্রতিবন্ধী শিশুশিক্ষার হার বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, লোকলজ্জার কারণে এখনো অনেক অভিভাবক তার প্রতিবন্ধী শিশুটিকে জনসমক্ষে আনতে চান না। প্রতিবন্ধী শিশুশিক্ষার হার কম হওয়ার এটি একটি কারণ।