বেশির ভাগ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় পার্টির সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির বেশির ভাগই পূরণ করতে পারেননি বলে অভিযোগ করেছেন ডোমার ও ডিমলা উপজেলাবাসী।
এলাকার বাসিন্দাদের অনেকে অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এলাকার রাস্তাঘাট পাকাকরণ, খোকশারঘাট সেতুর নির্মাণের কাজ শেষ করা, ডোমার উপজেলা শহরের পৌর উপস্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে সেখানে ১০টি শয্যার ব্যবস্থা করা, স্থলবন্দর চালু করাসহ আরও অনেক প্রতিশ্রুতি দেন জাফর ইকবাল সিদ্দিকী। সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রায় সাড়ে চার বছর পেরিয়ে গেলেও তিনি এসব প্রতিশ্রুতি রক্ষা করেননি।
ডোমার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ডোমার শহর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। সে কারণে এলাকাবাসীর দাবি ছিল, শহরের উপকণ্ঠে অবস্থিত পৌর উপস্বাস্থ্যকেন্দ্রটিকে সংস্কার করে ৩০ শয্যায় উন্নীত করা। নির্বাচনের আগে সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আধুনিকায়নের পাশাপাশি তিনি উপস্বাস্থ্যকেন্দ্রটি ১০ শয্যায় উন্নীত করবেন। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সাংসদ ডোমারে কোনো উন্নয়ন করেছেন এমন কিছু তিনি দেখাতে পারবেন না।
ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার বলেন, ডিমলা ইসলামিয়া কলেজ থেকে পাটোয়ারীপাড়া হয়ে সোনামুড়ির ডাঙ্গা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার, নাউতরা থেকে উত্তর আকাশকুড়ি পর্যন্ত আট কিলোমিটার এবং বালাপাড়া বিওপি থেকে ঠাকুরগঞ্জ হয়ে তিস্তা বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ডিমলায় স্টেডিয়াম নির্মাণ, ডিমলা উচ্চবিদ্যালয়ের সাড়ে আট শ শিক্ষার্থীর জন্য ভবন নির্মাণ, ডিমলা মহিলা কলেজ ও তিস্তা কলেজে একাডেমিক ভবন নির্মাণ করাসহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ। এসব প্রতিশ্রুতির কোনোটিই বাস্তবায়ন করা হয়নি।
জানতে চাইলে জাফর ইকবাল সিদ্দিকী বলেন, এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। ডোমার-ডিমলার ৭০ শতাংশ রাস্তার কাজ হয়েছে। স্কুল কলেজের অনেক ভবন নির্মাণ হয়েছে, ডিমলা মহিলা কলেজ ও তিস্তা কলেজের একাডেমিক ভবন এই বাজেটে হয়ে যাবে। স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জায়গা কম হওয়ায় সেটার সিদ্ধান্ত এখনো হয়নি।
ডোমার পৌর উপস্বাস্থ্যকেন্দ্রের গুরুত্বের কথা স্বীকার করে সাংসদ বলেন, ‘আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটি আটকে গেছে। উপকেন্দ্রটির পুরাতন ভবন ভেঙে নতুন করে করার ব্যাপারে কাজ করছি। চিলাহাটি থানার ব্যাপারে সংশ্লিষ্ট সব জায়গায় চিঠি দিয়েছি।’