বেশির ভাগ ফলের দোকান বন্ধ

ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির আহ্বানে গতকাল বৃহস্পতিবার নগরের বেশির ভাগ ফলের দোকান বন্ধ ছিল। ফল ফরমালিনমুক্ত করা, ফরমালিনমুক্ত অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয় গত বুধবার।
গতকাল বেশির ভাগ দোকান বন্ধ থাকায় ক্রেতারা অসুবিধায় পড়েন। এই কর্মসূচির ফলে রাজধানীর পাইকারি ফলের আড়তগুলোতে বিক্রি কমে গেছে৷ আর হঠাত্ ঘোষণা আসায় আগে কেনা ফল নিয়ে বিপাকে পড়েছেন স্বল্প পঁুজির দোকানিরা।
সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে গিয়ে দেখা যায়, বাজারের সামনের সব কয়টি ফলের দোকান বন্ধ। ‘বাঁচার মতো বাঁচতে চাই, ফরমালিনমুক্ত ফল চাই’—এই কথাসংবলিত একটি বড় ব্যানার সেখানে ঝুলতে দেখা য়ায়৷ সেখানে একটি দোকানের মালিক শাহ আকবর বললেন, ‘মাসে দু-তিনবার মোবাইল (ভ্রাম্যমাণ আদালত) আহে। আইস্যা ফলে ফরমালিন আছে বইল্যা ফল নষ্ট কইর৵া ফেলে। এভাবে আর কত দিন চলে?’
বাজারের পেছনের দুটি ফলের দোকান খোলা পাওয়া যায়। অবশ্য সেই দোকানে আম বা লিচু নেই, আছে ডাব ও বেল। দোকানের মালিক মো. দিলু বললেন, ‘ফলে ফরমালিন না কী দেয়, তা আমরা জানব কীভাবে। আমরা মাল কিনা আইনা বিক্রি করি। কিন্তু সব দোষ হয় আমাগো।’
এই দোকান থেকে ডাব কিনছিলেন জাকির হোসেন রোডের বাসিন্দা শিখা রায়। তিনি বললেন, ‘আরও ফল কেনার ইচ্ছা ছিল। কিন্তু কিছুই তো নেই। তার পরও চাই ফল ফরমালিনমুক্ত হোক।’

আম-জাম-কাঁঠালের এই ভরা মৌসুমে এভাবে দোকান বন্ধ হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে ফলের পাইকারি আড়তগুলোতে বিক্রি কমে গেছে। গতকাল বিকেলে আড়তদার মেসার্স ফরহাদ ট্রেডার্সের মালিক মো. মুসলিম পাটোয়ারী জানান, চার ভাগের এক ভাগ ফল বিক্রি হয়েছে।
আড়তদারেরা ফলে ফরমালিন মেশান, ছোট ব্যবসায়ীদের এসব অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কোনো আড়তদার এই কাজ করতে পারেন না।
এখানে কথা হলো দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ফল সরবরাহকারীদের সঙ্গে। তাঁদের মধ্যে ঈশ্বরদীর সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ নামে পরিচিত) বললেন, ‘ফরমালিন তো আমরা বানাই না। সরকার আগে যারা ফরমালিন বানায়, তাদের ধরুক। আমাদের ওপর জুলুম ক্যান?’
দোকান বন্ধ রাখার ঘোষণা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ফল বিক্রি করব। “এই ফল ফরমালিনমুক্ত”—এমন কোনো সার্টিফিকেট আগে সরকার আমাদের দিক। আমরা দোকানে সেটি ঝুলিয়ে রাখব।’ ফরমালিনমুক্ত অভিযানের নামে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা। তিনি প্রথম আলোকে বলেন, ‘ফল ব্যবসায়ীরা ফরমালিন দেওয়ার ক্ষেত্রে একে অন্যকে দোষ দেয়। তারা ফরমালিন দেয় না, তা নয়। তবে সবাই দেয়, তা আমরা বলি না।’
ডিএমপির বিবৃতি: গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিবৃতিতে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদকে উদ্ধৃত করে বলা হয়, ‘বিষমুক্ত ফল আমাদের প্রয়োজন। ব্যবসায়ীরা আমাদের সঙ্গে থাক বা না থাক, সম্মানিত নগরবাসী আমাদের সঙ্গে রয়েছেন। যৌক্তিক পরিণতির দিকে না আসা পর্যন্ত ফরমালিনবিরোধী অভিযান চলবে। ফরমালিনের যাতে পুনরায় বিস্তার না ঘটতে পারে, সে জন্য দ্বিতীয় পর্যায়ে অভিযান চলবে।’
অভিযান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে নাফিজা কেমিক্যাল করপোরেশন থেকে আট হাজার লিটার (৪০টি ড্রাম, প্রতিটিতে ২০০ লিটার) ফরমালিন উদ্ধার করেন৷ এ ছাড়া প্রায় ১০০টি ফরমালিনের কার্টনও উদ্ধার করা হয়৷ প্রতিটি কার্টনে ১২টি ৩৫০ ও ৫০০ মিলিলিটারের ফরমালিনের বোতল ছিল৷ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী হাকিম মোহাম্মদ অতুল মণ্ডল৷ তিনি গতকাল প্রথম আলোেক বলেন, অবৈধভাব নাফিজা কেমিক্যাল ফরমালিন সরবরাহ করছিল৷ অভিযানের সময় দোকানের সবাই পালিয়ে যান৷