ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অধীনে চলতি অর্থবছরে ২০২টি প্রতিষ্ঠানকে ৬০২ টন চাল-গম বরাদ্দ দেওয়া হয়েছে। এর অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে কোনো কাজ করা হয়নি। বাকি কিছু প্রতিষ্ঠানে কাজ করা হলেও পুরো খাদ্যশস্যের অর্থ ব্যয় করা হয়নি।
যাঁরা প্রকল্প কমিটির সভাপতি হয়েছেন তাঁদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন। এঁদের নামে খাদ্যশস্য বরাদ্দ হওয়ায় বেশির ভাগই লুটপাট হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় জানায়, স্থানীয় আওয়ামী লীগের সাংসদ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩-১৪ অর্থবছরে ১০০টি প্রতিষ্ঠানকে ৩০২ টন চাল ও ১০২টি প্রতিষ্ঠানকে ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ দেন। যার সরকারি মূল্য চালের এক কোটি ১৮ হাজার ২৪৬ টাকা (প্রতি টন ৩৩ হাজার ১৭৩ টাকা ধরে)। আর গমের মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা (প্রতি টন ২৯ হাজার ৭০০ টাকা ধরে)। প্রতিষ্ঠানগুলোকে এক থেকে সাত টন পর্যন্ত খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।
উপজেলার শাহি মসজিদের ঈদগাহ মাঠ সংস্কারের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল, যার সরকারি মূল্য এক লাখ ৬৫ হাজার ৮৬৫ টাকা। ঈদগাহের খাদেম মীর হাসান আলী বলেন, গত ঈদুল আজহার সময় ঈদগাহ মাঠে একটু পানি জমেছিল। সে সময় পাঁচ-ছয় ভ্যান বালু ফেলা হয়েছিল। এ ছাড়া এক বছরের মধ্যে ঈদগাহে কোনো কাজ হয়নি। আর পাঁচ টন চাল বরাদ্দের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। প্রকল্পের সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি রোকনুজ্জামান দাবি করেন, ওই বরাদ্দ দিয়ে পাশের কবরস্থানের মাটি ভরাটের কাজ করেছেন।
তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, স্থানীয় এক ব্যবসায়ী তাঁর টাকা দিয়ে কবরস্থানের মাটি ভরাট করেন।
একইভাবে উপজেলার মনোহরপুর গ্রামের ‘কাজীপাড়া’য় কবরস্থান সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ টন চাল। ওই গ্রামে কাজীপাড়া বলে কোনো পাড়া নেই। তবে গ্রামে একটি কাজী পরিবার আছে, যাদের পারিবারিক কবরস্থান রয়েছে। সেখানেও কোনো কাজ হয়েছে বলে কেউ বলতে পারেননি। অথচ এই কাজীপাড়ার কবরস্থানকে ২০১০-১১ অর্থবছরে দক্ষিণপাড়া কবরস্থান দেখিয়ে ৩০ হাজার টাকা বরাদ্দ নেওয়া হয়েছিল। সে সময়ও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।
দুটি প্রকল্পের সভাপতি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী নওরোজ। নওরোজ দাবি করেন, পাঁচ টন চাল পেয়ে জঙ্গল পরিষ্কার ও কিছু মাটির কাজ করেছেন।
উপজেলার বিজুলিয়া গ্রামে গেলে একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, তাঁদের গ্রামের পূর্বপাড়া মসজিদ সংস্কারে চার টন ও কুঠিবাড়ি সংস্কারে তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো কাজ হয়নি।
শৈলকুপার পিআইও শেখ মো. রুবেল দাবি করেন, ঈদগাহের সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও কাজ হয়েছে মসজিদে। কাজীপাড়ার কবরস্থানে এর আগেও কিছু মাটির কাজ করা হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজ হয়েছে কি না, তিনি খোঁজ নিয়ে দেখবেন।