কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট গতকাল রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে প্রক্টরের উপস্থিতিতে তালা ভেঙে ফেলা হয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় বেশির ভাগ বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্র আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে উদ্ধারের দাবিতে ১৫ মার্চ সংবাদ সম্মেলন করে ছাত্র ধর্মঘটের ডাক দেন শিক্ষার্থীরা। গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের বাস থেকে নামিয়ে নেওয়া হয়। এরপর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। দুজনেই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। ধর্মঘট সফল করতে ক্যাম্পাসে তৎপর থাকেন তাঁরা। পরে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে প্রক্টর মেহের আলীর নেতৃত্বে সহকারী প্রক্টর ও পুলিশের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীকক্ষের তালা ভেঙে ফেলা হয়। এরপর কয়েকটি বিভাগে ক্লাস নেওয়া হয়।